হোম ফিচার প্রমোশনের হাওয়ায় দুলে উঠল জাবি

বিনোদন ডেস্ক :

‘সাদা সাদা কালা কালা’ গানের ঘোর কাটতে না কাটতেই সম্প্রতি মুক্তি পেল মেঘদলের নতুন গান ‘এ হাওয়া’। এটি মেঘদল ব্যান্ডের অ্যালুমিনিয়ামের ডানার পঞ্চম গান। গভীর সমুদ্রে চিত্রায়িত মেজবাউর রহমান সুমন পরিচালিত প্রথম সিনেমা ‘হাওয়া’ চলচ্চিত্রকে গানটি উৎসর্গ করে মেঘদল ব্যান্ড। ইতোমধ্যে মুক্তির আগেই গান দুটোর মাধ্যমে বাজিমাত করেছে হাওয়া সিনেমাটি।

যে হাওয়ায় উড়ছে সিনেমাপ্রেমীরা। চায়ের দোকানের আড্ডায় কিংবা অফিস-আদালতে মুখে মুখে এখন হাওয়া সিনেমার গান। কথা হচ্ছে সিনেমাটি নিয়ে। তাই তো প্রমোশনের অংশ হিসেবে মুক্তি পাওয়া এ হাওয়া গানের সঙ্গে সুর মিলিয়ে বলতেই পারি, ‘এ হাওয়া, আমায় নেবে কত দূরে!’

হাওয়া মুক্তির পর কতদূর নিয়ে যাবে, তা হয়তো সময়ই বলে দেবে, তবে সিনেমাটির মুক্তির জন্য কিন্তু বেশি দূরে যেতে হবে না। আগামী (২৯ জুলাই) শুক্রবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে এ সময়ের সবচেয়ে আলোচিত সিনেমা ‘হাওয়া’।

আর এই মুক্তিকে সামনে রেখেই প্রচারণার উদ্দেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হাজির হন সিনেমাটির পরিচালকসহ কলাকুশলীরা ও জনপ্রিয় ব্যান্ড মেঘদল। জাহাঙ্গীরনগরের সেলিম আল দীন মুক্তমঞ্চে চলচ্চিত্রের প্রথম প্রমোশনে হাওয়া টিম ও মেঘদল এসেছে (২৩ জুলাই) সন্ধ্যা ৭ টায়।

এদিকে জাবি ক্যাম্পাসে সন্ধ্যা থেকেই গরমে অতিষ্ঠ ছিল সিনেমাপ্রেমীরা। তারপরও কানায় কানায় ভরে ওঠে মুক্তমঞ্চ। মুক্ত হাওয়ার সংকটে মুক্তমঞ্চে গরমের তীব্রতা যখন আরও বেড়ে গেল, ঠিক তখনই উপস্থিত হলো হাওয়া টিম। তাদের উপস্থিতিতেই যেন পুরো মুক্তমঞ্চে হাওয়া ফিরে এলো। শরীরে বয়ে গেল হাওয়ার শিহরণ।

এ সময় সেলিম আল দীন মুক্তমঞ্চে জমকালো আয়োজনে টিম ‘হাওয়া’কে বরণ করে নেন ক্যাম্পাসের সিনেমাপ্রেমীরা। হাওয়া টিমের সঙ্গে উপস্থিত ছিলেন সুরকার ইমন চৌধুরী, কণ্ঠশিল্পী এরফান মৃধা শিবলু ও ব্যান্ড মেঘদল।

শুরুতে অভিনেতা চঞ্চল চৌধুরী উপস্থিত দর্শকদের টিমের সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন। প্রত্যেকে তাদের অভিব্যক্তি প্রকাশ করেন। সিনেমাটি হলে দেখার জন্য আমন্ত্রণ জানান।

তারপরই দেখানো হয় সিনেমাটির ট্রেলার। সঙ্গে বাজানো হয় ‘সাদা সাদা কালা কালা গান’। যে গানের মূল কথা ও সুরকার হাশিম মাহমুদ। তবে সিনেমায় গানটি গেয়েছেন এরফান মৃধা শিবলু। আর তাই মুক্তমঞ্চেও দর্শকদের গানটি গেয়ে শোনান শিবলু। তার সঙ্গে সুর মেলান হাওয়া সিনেমার মূল অভিনেতা চাঁন মাঝি ওরফে চঞ্চল চৌধুরী। পরে চঞ্চল চৌধুরী হাশিম মাহমুদের ‘তোমায় আমি ধরতে পারি বাজি’সহ আরেকটি আন-রিলিজ গান গেয়ে শোনান।

এরপরই শুরু হয় মেঘদল ব্যান্ডের পারফরমেন্স। ‘এ শহর আমার’ গানটি দিয়ে শুরু করে ‘এ হাওয়া’ গান দিয়ে তারা তাদের পরিবেশনা শেষ করেন। নির্মাতা সুমনের কণ্ঠে গাওয়া হয় দুটো গান। ‘চার চার চৌকো জানালা’ ও ‘সব ঠিকঠাক’। এছাড়াও তারা গেয়েছেন নির্বাণ, মুঠোফোন ও না বলা ফুল।

এদিকে আজ (২৪ জুলাই) আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) ক্যাম্পাসে বেলা ৩টায় বিশ্ববিদ্যালয় মিলনায়তনে হয়ে গেছে হাওয়া সিনেমার দ্বিতীয় প্রচারণা অনুষ্ঠান। এ সময় হাওয়া টিমের সঙ্গে যুক্ত ছিলেন গায়ক তানযীর তুহীন।

২৫ জুলাই বিকেল ৫টায় ‘হাওয়া’ টিম যাবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসে। সবশেষে (২৬ জুলাই) নটর ডেম বিশ্ববিদ্যালয় দিয়ে তাদের বিশ্ববিদ্যালয় প্রচারণা শেষ হবে।

নির্মাতা মেজবাউর রহমান সুমনের পরিচালনায় ‘হাওয়া’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল রাজ, সুমন আনোয়ার, নাসির উদ্দিন খান, সোহেল মণ্ডল, বাবলু বোস ও রিজভী চৌধুরী। চলচ্চিত্রটির চিত্রগ্রহণ করেছেন কামরুল হাসান খসরু, সম্পাদনা সজল অলক, আবহসংগীত রাশিদ শরীফ শোয়েব, গানের সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন