খেলাধূলা ডেস্ক :
ভারতে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে নিজেদের তৃতীয় ম্যাচের প্রথমার্ধেই মালদ্বীপের জাল বিধ্বস্ত করেছে বাংলাদেশ। ইব্রাহিম শরিফ মিরাজুলের হ্যাটট্রিকে ৪-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে লাল সবুজের প্রতিনিধিরা।
শুক্রবার (২৯ জুলাই) মালদ্বীপের জালে জড়ানো চার গোলের প্রত্যেকটিতে অবদান রাখেন মিরাজুল।
গোল উৎসবের শুরুটা মিরাজুল করেন ম্যাচের ১৯ মিনিটে। ডি বক্সের ডান প্রান্ত থেকে আক্রমণে উঠে গোলের জন্য শট নেয় বাংলাদেশ দলের ফরোয়ার্ডের ফুটবলার। মালদ্বীপ গোলরক্ষকের হাতে বল লেগে চলে যায় পেনাল্টি এরিয়ায় দাঁড়িয়ে থাকা মিরাজুলের কাছে। আলতো ছোঁয়ায় বল জালে জড়িয়ে আনন্দে মেতে ওঠেন তিনি।
ম্যাচের ২১ মিনিটে বারে বল লাগলে দ্বিতীয় গোল থেকে বঞ্চিত হয় বাংলাদেশ। তবে পরের মিনিটে আর গোল মিস করেনি লাল সবুজের প্রতিনিধিরা। এবার কর্নার থেকে উড়ে আসা বল মুর্শেদের হেড ঠেকিয়ে দেন মালদ্বীপের গোলরক্ষক। সুযোগ পেয়ে যান মিরাজুল। জোরালো শটে কাঁপিয়ে দেন প্রতিপক্ষের জাল।
এরপর ম্যাচের ২৬ মিনিটে নিশ্চিত গোল মিস করেন পিয়াস আহমেদ নোভা। ডি বক্সের বাম প্রান্ত থেকে মিরাজুলের দেয়া বল দৌড়ে এসে পেনাল্টি এরিয়াতে পেয়ে যান পিয়াস। কিন্তু তার নেয়া জোরালো শটটি লক্ষ্যভেদ করতে পারেনি প্রতিপক্ষের জাল। ৩১ মিনিটে একটি গোল শোধের সুযোগ পেয়েছিল মালদ্বীপও। কিন্তু বল নিয়ন্ত্রণে নিতে পারেননি দলটির ফরোয়ার্ড বিভাগের ফুটবলার।
ম্যাচের ৩২ মিনিটে আক্রমণে ওঠে ডি বক্সে বল পাস দেন মিরাজুল। বল দখলে নিয়ে জোরালো শটে ব্যবধান ৩-০ করেন রফিকুল ইসলাম। ৩৬ মিনিটে আরেকটি সহজ সুযোগ নষ্ট করেন মুর্শেদ। পেনাল্টি এরিয়ার কাছাকাছি বল পেয়েও উড়িয়ে মারেন বারের ওপর দিয়ে। এর কিছুক্ষণ পর পিয়াস আহমেদ নোভার নেয়া হেড সরাসরি চলে যায় প্রতিপক্ষের কিপারের হাতে।
ম্যাচের ৪২ মিনিটে মিরাজুলের নেয়া জোরালো শট মালদ্বীপ গোলরক্ষকের হাতে লেগে ফিরে আসলে এগিয়ে গিয়ে জালে জড়ান মিরাজুল। পূর্ণ করেন তার হ্যাটট্রিক। বিরতিতে যাওয়ার আগে আরেকবার মালদ্বীপের জাল বিধ্বস্ত করার সুযোগ পেয়েছিলেন মিরাজুল। কিন্তু ডান প্রান্ত থেকে আসা বলটি নাগালে না পাওয়ায় কাঁপানো হয়নি প্রতিপক্ষের জাল।
