হোম আন্তর্জাতিক পিটিআই-পিপিপি নেতাদের মধ্যে হাতাহাতি

আন্তর্জাতিক ডেস্ক :

ক্ষমতার পালাবদলে পাকিস্তানে বাড়ছে রাজনৈতিক অস্থিরতা। এরই ধারাবাহিকতায় এবার সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ও বিলাওয়াল ভুট্টো জারদারির পাকিস্তান পিপল’স পার্টির (পিপিপি) নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি হয়েছে।

রাজধানী ইসলামাবাদের একটি বিলাসবহুল হোটেলে মঙ্গলবার (১২ এপ্রিল) এক ইফতার অনুষ্ঠানে পিটিআই ও পিপিপি’র কিছু নেতাকর্মী প্রথমে কথা কাটাকাটি এরপর হাতাহাতিতে জড়িয়ে পড়েন।

ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে সম্প্রতি পিটিআই ত্যাগ করে পাকিস্তান পিপলস পার্টিতে (পিপিপি) যোগ দেওয়া এক নেতার সঙ্গে দলটির বর্তমান জ্যেষ্ঠ নেতা নুর আলম খান কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতিতে জড়ান।

এদিকে ক্ষমতাগ্রহণের দু’দিন পরই জোট সরকার গঠনে ব্যাপক তৎপরতা শুরু করেছেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এ লক্ষ্যে শরিকদের সঙ্গে আলোচনাও শুরু করেছেন তিনি। মঙ্গলবার পাকিস্তান পিপলস পার্টি- পিপিপি’র প্রেসিডেন্ট আসিফ আলি জারদারিসহ অন্যান্য দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন শাহবাজ।

তবে গুঞ্জন শোনা যাচ্ছে, শাহবাজের মন্ত্রিসভায় এখনই যোগ দিতে চায় না পিপিপি। গণমাধ্যমের তথ্য মতে, আপাতত সংসদীয় কমিটিতে থেকেই সরকারকে সমর্থন দিয়ে যেতে চায় দলটি। দলটির একটি সূত্রের দাবি, মন্ত্রিসভায় যোগ দেওয়া নিয়ে খোদ পিপিপি’র মধ্যেই দেখা দিয়েছে মতবিরোধ। একটি পক্ষ মন্ত্রিসভায় যোগ দিতে চাইলেও পিএমএল-এন নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিনিধিত্ব করতে চায় না আরেকটি পক্ষ।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েই ভারতের সঙ্গে সম্পর্কোন্নয়নে গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন শাহবাজ শরিফ। নয়াদিল্লির সঙ্গে সহযোগিতার ভিত্তিতে ইসলামাবাদ সম্পর্ক জোরদার করতে চায় বলেও জানান তিনি। এছাড়া যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গেও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে আগ্রহী শাহবাজ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন