জাতীয় ডেস্ক :
দিনাজপুরের নবাবগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১ ডিসেম্বর) রাতে নবাবগঞ্জ উপজেলার জয়পুর ইউনিয়নের চামুন্ডা গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত দুই যুবক হলো- নবাবগঞ্জ উপজেলার রায়পুর ইউনিয়নের চামুণ্ডা গ্রামের মোহাম্মদ ইদ্রিস আলীর ছেলে হেলাল উদ্দিন (৪৯) ও নুর ইসলাম (৩৫)।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান, বুধবার সকালে উপজেলার নলশীষা নদীর পাশ থেকে সৌরভ (২৩) নামের এক যুবকের পায়ের রগ কাটা মরদেহ স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে উদ্ধার করা হয়। পরে, মরদেহ ময়নাতদন্তের জন্য আব্দুর রহিম মেডিকেল কলেজে প্রেরণ করা হয়।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ইউপি নির্বাচনে পরাজিত প্রার্থী হেলাল উদ্দিনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেছেন।
এদিকে হেলালসহ অপরাধীদের গ্রেপ্তার করতে মাঠে নামে পুলিশ। পরে বিভিন্ন সোর্স এর মাধ্যমে মরদেহ উদ্ধারের ১৮ ঘণ্টা পর হত্যার অভিযোগে হেলাল উদ্দিন ও তার ছোট ভাই নুর ইসলামকে উপজেলার আফতাবগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
ওসি আরও জানান, গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, পারিবারিক বিরেধের জের ধরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটান তারা। এ হত্যাকাণ্ডের সাথে আরও কেউ জড়িত আছে কি না তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
