জাতীয় ডেস্ক :
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর আশ্রয়ণ প্রকল্প থেকে পালিয়ে আসা এক রোহিঙ্গা নারীকে (২০) গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১২ এপ্রিল) রাতে চরলক্ষ্মী গ্রামে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) দুপুরে ওই রোহিঙ্গা নারী বাদী হয়ে দুইজনের নাম উল্লেখ ও অজ্ঞাত দুজনকে আসামি করে চরজব্বর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃতরা হলেন- সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বাসিন্দা কামাল (২৮) ও সিরাজুল মাওলা মনির (২৭)। তারা এ মামলার এজাহারভুক্ত আসামি।
অভিযোগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে রোহিঙ্গা এক তরুণসহ ওই নারী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে গফুর মাঝির বোটে কক্সবাজারের উখিয়ার বালুখালীর উদ্দেশে রওনা করেন। বুধবার রাত সাড়ে ১০টার দিকে কৌশলে তাদের বোট থেকে সুবর্ণচরের মোহাম্মদপুর ইউনিয়নের একরাম বাজার এলাকার বোরখাল এলাকায় নামিয়ে দেওয়া হয়। ওইস্থান থেকে একটি মোটরসাইকেলযোগে তারা সোনাপুর যাওয়ার জন্য রওনা হলে পথে চরলক্ষ্মী গ্রামের নয়নের দোকান এলাকায় মোটরসাইকেল থামিয়ে তাদের নামানো হয়।
পরে ওইস্থানে থাকা অজ্ঞাত দুই ব্যক্তি রোহিঙ্গা কিশোরকে মারধর করে এবং মোটরসাইকেল চালকসহ আরও একজন ওই নারীকে শাহজাহানের প্রজেক্টে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে পালাক্রমে গণধর্ষণ করে। এসময় রোহিঙ্গা কিশোরের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে কামাল ও সিরাজুল মাওলাকে আটক করলেও অপর দুজন পালিয়ে যায়।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, রোহিঙ্গা নারীর দায়ের করা মামলায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
