হোম আন্তর্জাতিক পার্থ ও অর্পিতার ব্যাপারে মুখ খুললেন মমতা

আন্তর্জাতিক ডেস্ক :

দলীয় শীর্ষ নেতা পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতারের পর মুখ খুললেন তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন, কেউ যদি আইনে দোষী প্রমাণিত হয় তার যাবজ্জীবন সাজা হোক আমি কিছু মনে করব না। তবে আমার গায়ে কাদা ছোড়া হলে সেটা আমি মেনে নেব না।

এ প্রসঙ্গে তিনি বলেন, কোনো কোনো মিডিয়া ও বিরোধী রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রচারণা চালানো হচ্ছে যে ওই নারীর (মডেল অর্পিতা মুখোপাধ্যায়) সঙ্গে আমার যোগ রয়েছে। কিন্তু আমি পরিষ্কার করে বলতে চাই, তৃণমূল কংগ্রেস ও সরকার কারো সঙ্গেই আটক ওই নারীর কোনো সম্পর্ক নেই। এসময় তিনি বিজেপি, কংগ্রেস ও সংবাদমাধ্যমের এক অংশকেও কড়া ভাষায় আক্রমণ করেন।

সোমবার (২৫ জুলাই) বিকেলে কলকাতার নজরুল মঞ্চে আয়োজিত ভারতবর্ষের বেশ কয়েকজনকে রাজ্য সরকারের দেয়া পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তৃণমূল সভানেত্রী তথা পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত কয়েক দিনের রাজনৈতিক ঘটনার জবাব দেন।

তিনি বলেন, ভুল করারও অধিকার আছে। কেউ সজ্ঞানে ভুল করেন, কেউ অজ্ঞানে করেন। সজ্ঞানে ভুল করলে ক্ষমা নেই। তবে অজ্ঞানে ভুল করলে সেটিকে সংশোধনের সুযোগ দেয়া হবে।

ভয়াবহ আগুন নিয়ে না খেলার জন্য তিনি বিরোধী রাজনৈতিক দল ও কিছু সংবাদমাধ্যমকে হুঁশিয়ারি দিয়ে বলেন, কেন্দ্রীয় সরকার অর্থাৎ বিজেপি রাজনীতি করছে। অথচ বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের শীর্ষ মন্ত্রী হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করেছে, সে বিষয়ে তারা কোনো ইতিবাচক পদক্ষেপ নিতে পারেনি। এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পদক চুরি হয়ে যাওয়ার প্রায় দেড় দশক সময় পার হলেও সেই চুরি যাওয়া নোবেল পদক উদ্ধার করতে পারিনি।

দুদিন আগে তৃণমূল কংগ্রেসের মহাসচিব এবং সাবেক শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে শিক্ষক নিয়োগ সংক্রান্ত দুর্নীতির অভিযোগে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সঙ্গে গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্যায়ের কথিত বান্ধবী মডেল অর্পিতা মুখোপাধ্যায়। ‌গ্রেফতার হওয়ার আগে তার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় প্রায় ২২ কোটি টাকা। শুধু তাই নয়, পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতারের সময় সিজার লিস্টে মমতা বন্দ্যোপাধ্যায় ও তার ব্যক্তিগত মোবাইল নাম্বারও সরবরাহ করেন পার্থ চট্টোপাধ্যায় নিজে। কয়েকবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা বলারও চেষ্টা করেন। ঘটনায় চরম বিব্রত বোধ করেন মমতা বন্দ্যোপাধ্যায় ও তার দল তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। ‌

গত দুদিন ধরেই ভারতের সংবাদমাধ্যমে পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারের পর তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে কোণঠাসা হয়ে পড়েছে- এমন খবর এবং পার্থ চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত চরিত্র নিয়ে নানা ধরনের খবর প্রকাশিত হয়ে আসছে। ‌সঙ্গে একটি পূজার অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কে সংবর্ধনা দিয়ে তাকে বিভিন্ন কাজ ও সুযোগ পাইয়ে দেয়ার কথা বলা সংক্রান্ত একটি ভিডিও গত কয়েকদিন ধরে ভাইরাল।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন