খেলাধুলা ডেস্ক :
পাকিস্তান সফরে গিয়ে না খেলায় সমালোচনার মুখে পড়েছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। তবে নিজেদের সিদ্ধান্তে কোনো ভুল দেখছে না কিউইরা।
নিরাপত্তাজনিত কারণে সিরিজ স্থগিত করে দেশের পথ ধরা টম লাথামরা এখনও স্পষ্ট করে হামলা বা হুমকির ধরন সম্পর্কে কিছু জানায়নি। তবে দেশটির ক্রিকেট বোর্ড বলছে, তাদের পাকিস্তানে খেলা চালিয়ে নেওয়ার কোনো সুযোগই ছিল না।
দীর্ঘ ১৮ বছর পর পাকিস্তান সফরে গিয়েছিল নিউজিল্যান্ড ক্রিকেট দল। খেলার সব আয়োজনই প্রস্তুত ছিল। কিন্তু শেষ পর্যন্ত মাঠে নামা হয়নি কোনো দলেরই। প্রথম ওয়ানডে শুরুর কয়েক মিনিট আগে সফর বাতিল করে নিউজিল্যান্ড। নিরাপত্তা শঙ্কায় কিউইদের এমন সিদ্ধান্তে বিব্রত পাকিস্তান ক্রিকেট বোর্ড।
হঠাৎ নেওয়া এমন সিদ্ধান্তের কারণে তুমুল সমালোচনার মুখে নিউজিল্যান্ড। সমালোচনায় মুখর পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতারও।
নিউজিল্যান্ডের এই সফর বাতিলের বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছেন না গতিতারকা শোয়েব আখতার। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে শোয়েব আকতার লিখেছেন, ’নিউজিল্যান্ড পাকিস্তানের ক্রিকেটকে হত্যা করেছে।’
এমন পরিস্থিতিতে নিউজিল্যান্ড বোর্ডের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট বলেন, নিতান্ত নিরুপায় হয়েই এই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন তারা। যদিও এই সিদ্ধান্ত পাকিস্তান ক্রিকেটকে বড় ধাক্কা দিয়েছে, বিষয়টি মেনে নিয়েছেন তিনিও।
নিউজিল্যান্ড বোর্ডের এই প্রধান নির্বাহী বলেন, ‘সিরিজ অব্যাহত রাখার কোনো উপায়ই ছিল না। আমরা মেনে নিচ্ছি, এটা পিসিবির জন্য অনেক কঠিন এক সময়। কিন্তু আমাদের এই কঠিন সিদ্ধান্ত নেওয়া ছাড়া আর কিছু করার ছিল না। আমাদের পরামর্শ দেওয়া হয়েছিল, এটা দলের জন্য সুনির্দিষ্ট ও বিশ্বাসযোগ্য একটি হুমকি।’ আরও বলেন, ‘পেশাদারিত্ব ও আতিথেয়তার জন্য পিসিবিকে ধন্যবাদ জানাই।’
এদিকে, দীর্ঘদিন ধরেই পাকিস্তানের ক্রিকেটে খেলে আসছেন ক্যারিবীয়দের হয়ে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক ড্যারেন স্যামি। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) একাধিক আসরে পাকিস্তানে খেলেছেন তিনি। বিভিন্ন সময় পাকিস্তানের নিরাপত্তা বিষয়ে তাকে সুনাম করতে দেখা গেছে। এবারও তিনি সেটি করেছেন। নিউজিল্যান্ডের পাকিস্তান সিরিজ বাতিল করায় নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের কড়া সমালোচনাও করেছেন তিনি।
এক টুইটবার্তায় বলেন, ‘নিরাপত্তাজনিত কারণে নিউজিল্যান্ডের পাকিস্তান সিরিজ স্থগিত করাটা হতাশাজনক। আমি বিগত ছয় বছর ধরে পাকিস্তান ক্রিকেট খেলছি এবং সেখানে ভ্রমণের আমার অনেক অভিজ্ঞতা রয়েছে। আমি সব সময় সেখানে নিরাপদ অনুভব করেছি। এটি পাকিস্তানের জন্য বড় ধরনের আঘাত।’
