বাণিজ্য ডেস্ক :
দিনাজপুরের হিলি স্থলবন্দরের পণ্য পরিবহনে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে। ট্রাকপ্রতি অতিরিক্ত ৫ থেকে ৭ হাজার টাকা ভাড়া গুণতে হচ্ছে ব্যবসায়ীদের। এতে লোকসানের আশঙ্কায় কমেছে বন্দরের আমদানি।
এক সপ্তাহ ধরে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পণ্যবাহী ট্রাকের সংখ্যা কমেছে। গত সপ্তাহ পর্যন্ত দৈনিক ২০০ ট্রাক পণ্য আমদানি হলেও এখন তা কমে দাঁড়িয়েছে ১৩০ থেকে ১৪০ ট্রাকে।
জ্বালানি তেলের সঙ্গে পরিবহনের ভাড়া বাড়ায় লোকসানের আশঙ্কায় আমদানি কমেছে বলে মনে করছেন ব্যবসায়ীরা। বন্দর থেকে বগুড়ায় পণ্য পরিবহন করতে প্রতি টনে বাড়তি খরচ হচ্ছে ৬০ টাকা, ঢাকাতে ৩০০ টাকা আর কুমিল্লা ও চট্টগ্রামে ৩০০ থেকে সাড়ে ৩৫০ টাকা।
এ বিষয়ে এক ব্যবসায়ী বলেন, আগের তুলনায় এখন পরিবহন ভাড়া ৪ থেকে ৫ হাজার টাকা বেড়েছে।
এদিকে আমদানি কমে যাওয়ায় কমেছে বন্দরের রাজস্ব আয়ও। হিলি পানামা পোর্ট লিং এর জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাপ মল্লিক বলেন, আমদানি বাড়লে সরকারের রাজস্ব যেমন বাড়ে, তেমনি হিলি স্থলবন্দরের দৈনন্দিন আয়ও বাড়ে। তবে বর্তমানে আগের তুলনায় আমদানি কমেছে।
উল্লেখ্য, বন্দর কর্তৃপক্ষের তথ্যমতে, গত জুলাই মাসে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পণ্য আমদানি হয়েছে এক লাখ ২৬১ মেট্রিক টন। তার আগে জুন মাসে আমদানি হয়েছে এক লাখ ৩৩ হাজার মেট্রিন টন পণ্য।
