হোম জাতীয় পঞ্চগড়ে ইউএনওর নম্বর ক্লোন করে প্রতারণার চেষ্টা

জাতীয় ডেস্ক :

পঞ্চগড়ের বোদা উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিসিয়াল ফোন নম্বর ক্লোন করে প্রতারণার চেষ্টার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে প্রতারণার বিষয়ে জানতে পারেন বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোলেমান আলী।

এর আগে সকাল থেকেই বোদা উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে সরকারি প্রকল্পের কথা বলে ফোন দেয়া শুরু করে প্রতারক চক্রটি।

এদিকে বিষয়টি অবহিত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে পোষ্ট করে এবং উপজেলার সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাধারণ জনগণকে টাকা লেনদেনে সচেতন করে উপজেলা প্রশাসন।

খবর নিয়ে জানা যায়, মঙ্গলবার সকালে প্রতারক চক্র প্রথমে বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের চেয়ারম্যান হাফিজুর রহমানকে ফোন দিয়ে একটি সরকারি প্রকল্পে চেয়ারম্যানকে বরাদ্দ দেয়ার জন্য দ্রুত একটি নম্বরে যোগাযোগ করতে বলে। চেয়ারম্যান বিষয়টি বুঝতে পেরে এবং ফোনে আওয়াজ ভিন্ন শুনে প্রশাসনকে জানায়।

পর্যায়ক্রমে বড়শশী ইউপি চেয়ারম্যান আব্দুর রহিমকে একই কথা বলে ফোন দেয় ওই চক্র। তিনিও বিষয়টি বুঝতে পেরে প্রশাসনকে জানান।

পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে টাকা লেনদেন না করতে সবাইকে সচেতন করে বলা হয় যে, কোনো প্রকল্পের জন্য ফোন দেয়া হয়নি। এটি প্রতারক চক্রের কাজ।

বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোলেমান আলী দুপুরে সময় সংবাদকে জানান, এ বিষয়ে অবহিত হওয়ার পর থেকে সবাইকে সচেতন করা হচ্ছে যে, কেউ যেন প্রতারক চক্রের ফাঁদে পা দিয়ে আর্থিক লেনদেন না করে। একইসঙ্গে সবাইকে সচেতন করতে সামাজিক যোগাযোগমাধ্যমে সচেতন করা হয়।

এ বিষয়ে বোদা থানায় একটি সাধারণ ডায়েরি করার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন