নড়াইল অফিস :
নড়াইলের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজে সহিংসতা এবং অধ্যক্ষকে জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার ঘটনায় গ্রেফতার চার আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (৩ জুলাই) দুপুর ১২টায় নড়াইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বিচারক আমাতুল মোর্শেদা এই আদেশ দেন।
এর আগে সকাল ১০টায় আসামী রহমতুল্লা বিশ্বাস রনি, শাওন খান, মনিরুল ইসলাম এবং সৈয়দ রিমনকে জেলা কারাগার থেকে বিশেষ নিরাপত্তার মাধ্যমে নড়াইল সদর আমলী আদালতে আনা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা মাহমুদুর রহমানের পাঁচদিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।
১৮ জুনের ওই সহিংসতা এবং অধ্যক্ষকে লাঞ্ছিত করার ঘটনায় ১০ দিন পরে সোমবার (২৭ জুন) বিকেলে পুলিশ বাদি হয়ে অজ্ঞাত ১৭০ থেকে ১৮০ জনের নামে মামলা করে। ২৭ তারিখ রাতেই তিনজনকে গ্রেফতার করে।
২৯ জুন রাত ৯টার দিকে তাকে খুলনার বয়রা এলাকা থেকে মামলার অন্যতম প্রধান আসামী রহমতউল্লাহ বিশ্বাস রনিকে (২২) গ্রেফতার করে নড়াইল জেলা পুলিশের একটি টিম।
