বাণিজ্য ডেস্ক :
ডলারের দামের চলমান ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে চলে আসবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বুধবার (২৭ জুলাই) সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান অর্থমন্ত্রী।
মঙ্গলবার (২৬ জুলাই) খোলাবাজারে ডলারের বিনিময় মূল্য এ যাবৎকালের সর্বোচ্চ পর্যায়ে উঠে যায়। বাজারে ডলারের ব্যাপক চাহিদা থাকায় প্রতি ডলার ১১২ থেকে ১১২ দশমিক ৫০ টাকায় বিক্রি হয়। এ বিষয়ে অর্থমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, সমস্যা নেই। এ সংকট কেটে যাবে। সরকার ডলারের মূল্য নিয়ন্ত্রণে যেসব উদ্যোগ নিয়েছে, তার সুফল পেতে একটু অপেক্ষা করতে হবে।
রফতানি ও প্রবাসী আয় থেকে ডলার আসবে মন্তব্য করে তিনি বলেন, ‘গত বছর প্রবাসী আয় থেকে ২৫ বিলিয়ন ডলার এসেছে। এবার আরও আসবে। রফতানি ও প্রবাসী আয় থেকে আমরা যে ডলার পাব, তা দিয়ে বাৎসরিক ডলারের চাহিদা মেটানো সম্ভব।’
