মোহাম্মদ আরীফুল ইসলাম, কিশোরগঞ্জ :
১ দিন পর কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ৬টি ইউনিয়নের মধ্যে ৫টি ইউনিয়নে তৃতীয় ধাপে ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রচার- প্রচারণার পড়ন্ত বেলায় গণ সংযোগে বিরামনেই প্রার্থীদের। কাক ডাকা ভোর থেকে মধ্য রাত পর্যন্ত প্রচার- প্রচারণায় ব্যস্ত বিভিন্ন প্রার্থী ও তার কর্মী, সমর্থকেরা।
কুলিয়ারচর উপজেলার ৭নং ফরিদপুর ইউনিয়ন পরিষদের নৌকার মাঝি এস এম আজিজ উল্লাহ খিদিরপুরে এক উঠান বৈঠক করেন।
খিদিরপুর ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আমান উল্ল্যাহ’র সভাপতিত্বে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। নৌকার প্রার্থী ভোটারদের কাছে নৌকা মার্কায় ভোট ও সকলের দোয়া প্রার্থনা করেন।
৫ নং ছয়সূতী ইউনিয়নের নৌকার মনোনিত প্রার্থী মোঃ ইকবাল হোসেন বড় ছয়সূতীর দোকান বাড়িতে স্থানীয় সমাজ সেবক আল- আমিনের সভাপতিত্বে এক উঠান বৈঠক করেন। উঠান বৈঠকে ভিপি ইকবাল ভোটারদের কাছে ভোট প্রার্থনা ও দোয়া চান। তিনি নির্বাচিত হলে মাওলানা ছানাউল্লাহ খান হুজুরের বাড়ির সামনে থেকে নাগর বাড়ির ব্রীজ পর্যন্ত রাস্তা পাকা করণ কাজের উদ্যোগে সার্বিক সাহায্য সহযোগীতা করার আশ্বাস দেন।
৬ নং সালুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মস্তুফা কামাল ফারুক গ্রামে গ্রামে গিয়ে ভোটারদের কাছে আনারস মার্কায় ভোট প্রার্থনা করছেন। সে সাথে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তিনি সকলের দোয়া কামনা করছেন।
চেয়ারম্যান প্রার্থী ছাড়াও সংরক্ষিত মহিলা মেম্বার ও মেম্বার প্রার্থীরা বিরামহীন ভাবে চালিয়ে যাচ্ছেন তাদের প্রচার- প্রচারণা। সালুয়া ইউনিয়নের ৭, ৮, ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত বই মার্কার মহিলা মেম্বার প্রার্থী মোছাঃ রুজিনা আক্তারকে বাড়ি বাড়ি প্রচারণার পাশাপাশি রাস্তায় ভোটারদের জিজ্ঞাসা ও ভোট প্রার্থনা করতে দেখা গেছে।
ফরিদপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ শাহাদুল্লাহকে রাস্তায় ভোট চাওয়ার পাশাপাশি কর্মী- সমর্থক নিয়ে মিছিলে অংশ নিতে দেখা গেছে।
