হোম খেলাধুলা নিরপেক্ষ আম্পায়ার চেয়ে সাকিবের টুইট

খেলাধূলা ডেস্ক :

করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর আইসিসি নিয়ম করেছিল স্বাগতিক দেশের আম্পায়ার দ্বারা ম্যাচ পরিচালনা করার। বিশ্বব্যাপী লকডাউনের পর যখন নতুন করে আবার মাঠে খেলা গড়িয়েছিল, তখন থেকেই স্বাগতিক দেশের আম্পায়ার ম্যাচ পরিচালনা করছেন। কিন্তু এতে অনেক সময়ই প্রশ্ন উঠছে আম্পায়ারের নিরপেক্ষতা নিয়ে। বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের প্রথম ম্যাচেও আম্পায়ারের বেশ কিছু সিদ্ধান্ত গেছে বাংলাদেশের বিপক্ষে। তারই পরিপ্রেক্ষিতে আইসিসিকে আবার নিরপেক্ষ আম্পায়ার নিয়োগের নিয়মে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

ডারবান টেস্ট চলাকালীন আজ সাকিব আল হাসান নিজের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে লেখেন: ‘আমি মনে করি, আইসিসির জন্য এটাই সঠিক সময় নিরপেক্ষ আম্পায়ার নিয়োগের পদ্ধতিতে ফিরে যাওয়ার। কারণ, বেশির ভাগ ক্রিকেট খেলুড়ে দেশের কোভিড সংক্রমণ এখন নিয়ন্ত্রণে।’

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত খেলা হয়নি সাকিবের। পরিবারের সদস্যদের অসুস্থতায় তাকে ফিরে আসতে হয়েছে দেশে। ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফর্ম করে সাকিব বড় অবদান রাখেন দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম সিরিজ জয়ে।

ডারবানে চলছে বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম টেস্ট। করোনা মহামারির সময়ে আইসিসির নেওয়া সিদ্ধান্তে এই টেস্টেও আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করছেন স্বাগতিক দক্ষিণ আফ্রিকার আম্পায়ার। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট বাদে দায়িত্বপ্রাপ্ত সবাই দক্ষিণ আফ্রিকান। এমন সময় তাদের দেওয়া কিছু সিদ্ধান্তের কারণে প্রশ্ন উঠেছে তাদের নিরপেক্ষতা নিয়ে।

বাংলাদেশের হয়ে ম্যাচটি না খেললেও নজর রাখছেন সাকিব আল হাসান। লড়াইয়ে টিকে থাকা বাংলাদেশ আরও ভালো অবস্থানে থাকত আম্পায়ারের কিছু বিতর্কিত সিদ্ধান্ত বিপক্ষে না গেলে। এমন সময় সাকিব চুপ না থেকে আইসিসিকে আহ্বান জানালেন আগের নিয়মে ফিরে যেতে। তার মতে, কোভিড সংক্রমণ নিয়ন্ত্রণে আসায় এখন আর স্বাগতিক দেশের আম্পায়ারের ওপর নির্ভর করার কোনো মানে হয় না।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন