হোম ফিচার নিজের দেশকে প্রতিটি বিষয় জানানোই রাষ্ট্রদূতের দায়িত্ব: আমীর খসরু

রাজনীতি ডেস্ক :

প্রতিটি বিষয় নিজের দেশকে জানানোই রাষ্ট্রদূতের দায়িত্ব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

রোববার (১১ ডিসেম্বর) বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রোসটারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। এর আগে বিকেল ৩টায় বৈঠক শুরু হয়।

আমীর খসরু বলেন, ‘প্রত্যেক বিষয়ে নিজ নিজ দেশকে জানানো প্রতিটি রাষ্ট্রদূতের দায়িত্ব। সেই দায়িত্ব থেকে তারা আমাদের সঙ্গে বৈঠকে বসেন ও আলোচনা করেন। কূটনীতিকদের দায়িত্ব একটি দেশের রাজনীতি, সংস্কৃতি, অর্থনীতি ও সামাজিক বিষয় তাদের হেডকোয়ার্টারে জানানো। জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে আলাপ হয়েছে। তবে, এ ধরনের দ্বিপক্ষীয় বৈঠকের বিষয়গুলো নিজেদের মধ্যেই থাকা ভালো।’

বিএনপির এ নেতা বলেন, ‘জার্মান রাষ্ট্রদূত ও তাদের ফরেন মিনিস্ট্রির আরেক ভদ্রলোকের সঙ্গে আমাদের একান্ত বৈঠক হয়েছে। এসব বৈঠকের বিষয়গুলো বাইরে না যাওয়াই ভালো। কূটনীতিক এসব কার্যক্রম রুটিনওয়ার্ক। এর মাধ্যমে একটি দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ইত্যাদি বিষয় নিজ দেশে রিপোর্ট করতে হয় তাদের, এটা তাদের দায়িত্ব।’

নয়াপল্টন ছেড়ে গোলাপবাগে সমাবেশ করায় বিএনপির অর্ধেক পরাজয় হয়েছে–ক্ষমতাসীনদের এমন তৃপ্তিবোধের ব্যাপারে আমীর খসরু বলেন, জয়-পরাজয়ের সিদ্ধান্ত দেবে জনগণ, জনগণ যখন ভোট দেয়ার সুযোগ পাবে, তখনই বোঝা যাবে কে পরাজয় বরণ করেছে। এমন বিষয় নিয়ে কথা বলতে চাই না।

বৈঠকে বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং দলের আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন