খেলাধূলা ডেস্ক :
গত মৌসুমটা ভালো কাটেনি পিএসজির ব্রাজিলিয়ান তারকা নেইমারের। এরপরই তাকে নিয়ে গুঞ্জন উঠে, তাকে দলছাড়া করার কথা ভাবছে পিএসজি। এরই মধ্যে পিএসজির মালিক খেলাইফি জানিয়ে দিয়েছেন, ভালো প্রস্তাব পেলে বেঁচে দেবে নেইমারকে। দল থেকে যখন বাদ দেয়ার চেষ্টা করছে নেইমারকে তখনই বেশ মনোযোগ দিয়ে অনুশীলন করছেন নেইমার, পাশাপাশি ম্যাচেও নিজের সেরাটা দেয়ার চেষ্টা করছে ৩০ বছর বয়সী এই তারকা। এমনটাই বলেছেন পিএসজি সতীর্থ মারকিনিয়োস।
জাপানে পিএসজির প্রাক মৌসুমের প্রথম দুই ম্যাচ না খেললেও নেইমার পিএসজির সবশেষ ম্যাচে করেছেন দুই গোল, করিয়েছেন আরও একটি। তাতেই গাম্বা ওসাকাকে ৬-২ গোলে উড়িয়ে দিয়েছে ফরাসি চ্যাম্পিয়নরা।
প্রাক মৌসুমের পর্ব শেষ। এখন সময় আনুষ্ঠানিক ম্যাচের। রোববার (৩১ জুলাই) রাতে ফ্রেঞ্চ সুপার কাপের ফাইনালে নেইমাররা মুখোমুখি হবেন নঁতের। এরই আগে পিএসজি টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রাজিলিয়ান ডিফেন্ডার মারকিনিয়োস জানালেন বদলে গেছে নেইমার।
পিএসজি টিভিতে সাক্ষাৎকারে মারকিনিয়োস বলেন, ‘আমি তাকে খুব ভালোভাবে চিনি, আর আমি জানি সে চ্যালেঞ্জ পছন্দ করে। এটাই তার ব্যক্তিত্ব, সে খুবই লড়াকু মনোভাবাপন্ন।’
মৌসুম শুরুর আগে ছুটি কমিয়ে নেইমার আগেভাগে ফিরেছেন প্রাক-মৌসুম অনুশীলনে। ম্যাচেও এখন দারুণ মনোযোগী তিনি, তার আভাস মিলছিল বেশ। এবার সে কথা জানালেন মারকিনিয়োসও।
ব্রাজিলিয়ান এই ডিফেন্ডার বললেন, ‘চলতি মৌসুমের শুরু থেকেই আমি বেশ প্রতিজ্ঞাবদ্ধ এক নেইমারকে দেখছি। এমনকি সে ছুটিতে থাকার সময়ও ঠিক আকৃতিতে আসতে বেশ কষ্ট করেছে, যেন সে মৌসুমের শুরু থেকেই সে ফিট থাকতে পারে।’
পিএসজি অতীত পেছনে ফেলে নতুন করে শুরুর স্বপ্ন বুনছেন নেইমার। এদিকে এই মৌসুমের মাঝামাঝিতে আছে ফুটবল বিশ্বকাপও। সব মিলিয়ে মৌসুমটা বেশ গুরুত্বপূর্ণ নেইমারের জন্য। মারকিনিয়োসের কথা শুনে মনে হচ্ছে, সবকিছু মাথায় রেখেই নেইমার এখন দারুণ মনোযোগী এক ফুটবলার।
গত মৌসুমে পিএসজি চ্যাম্পিয়ন্স লিগ থেকে আগে ভাগেই বাদ পড়েছে। তবে লিগ শিরোপা ঠিকই জিতেছিল ফরাসি জায়ান্টরা। তবে দল ভালো খেললেও নেইমারের পারফর্মেন্সে সন্তুষ্ট ছিল না তার ভক্তরা। অনেকেই বলেছিল, নেইমার ফুরিয়ে গেছেন। তবে নিজেকে বদলে এবার হয়তো নতুন এক নেইমারকে দেখতে পারবেন সমর্থকরা।
