মোস্তফা কামাল:
২৫শে মার্চ কালরাত্রিতে নিহত শহীদদের স্মরণে এবং তাঁদের আত্মত্যাগের মহিমা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে নড়াইলে যথাযোগ্য মর্যাদায় ‘গণহত্যা দিবস’ পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার (২৫শে মার্চ সকাল ১১টায় নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নড়াইলের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ আব্দুল ছালাম।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস,অতিরিক্ত জেলা প্রশাসক আহসান মাহমুদ রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার নুরে আলম সিদ্দিকী, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশীদ লাবলু,বিশিষ্ট সাংবাদিক হুমায়ুন কবীর রিন্টু , বীর মুক্তিযেদ্ধা তবিবর রহমান,ওলামাদলের সভাপতি মাওলানা তৈয়েবুর রহমান প্রমূখ।
সভায় বক্তারা ১৯৭১ সালের ২৫শে মার্চ কালরাত্রিতে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরোচিত ও নৃশংস গণহত্যার তীব্র নিন্দা জ্ঞাপন করেন। বক্তারা বলেন, বাঙালির মুক্তি আন্দোলনকে স্তব্ধ করে দিতে সেই রাতে যে বর্বরোচিত হামলা চালানো হয়েছিল, তা বিশ্ব ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুল ছালাম বলেন, “গণহত্যা দিবসের ইতিহাস আমাদের কেবল শোকের নয়, বরং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার প্রেরণা যোগায়। এই দিনটির সঠিক ইতিহাস এবং বীর শহীদদের বীরত্বগাথা আমাদের নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরা অত্যন্ত জরুরি, যাতে তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে পারে।“
আলোচনা সভা শেষে ১৯৭১–এর মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল বীর শহীদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
