নড়াইল প্রতিনিধি:
মেয়ের বাড়িতে বেড়াতে এসে এক নিমেষেই সব আনন্দ বিষাদে পরিণত হলো। নড়াইলের আউড়িয়া টোলঘর এলাকায় দ্রুতগামী ট্রাকের চাপায় প্রাণ হারিয়েছেন তছিরুর নেছা (৫৫) নামে এক নারী। সোমবার (৬ এপ্রিল) বিকেলে নড়াইল সদর উপজেলায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত তছিরুর নেছা খুলনার ডুমুরিয়া উপজেলার ভান্ডারপাড়া গ্রামের মজিদ শেখের স্ত্রী। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, এদিন সকালে তছিরুর নেছা নিজ বাড়ি থেকে মেয়ের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। খুলনার বাসটি তাকে নড়াইল সদর উপজেলার আউড়িয়া টোলঘরের সামনে নামিয়ে দেয়। বাস থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া ট্রাক তাকে সজোরে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।
রক্তাক্ত অবস্থায় স্থানীয় জনতা তাকে উদ্ধার করে দ্রুত নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মুহূর্তের এই অসতর্কতা আর ঘাতক ট্রাকের বেপরোয়া গতি কেড়ে নেয় এক মায়ের প্রাণ।
এ বিষয়ে তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেকেন্দর আলী জানান, দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটিকে শনাক্ত করার চেষ্টা চলছে।
