জাতীয় ডেস্ক :
ওষুধ প্রশাসন অধিদপ্তর দেশে করোনায় মুখে খাওয়ার ওষুধ মলনুপিরাভির জরুরি বাজারজাতকরণের অনুমোদন দিয়েছে। দেশের অন্যতম শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি এসকেএফকে এ অনুমোদন পেয়েছে।
সেই সঙ্গে ওষুধ কোম্পানি বেক্সিমকোকেও এ অনুমোদন দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৯ নভেম্বর) রাজধানীর ওষুধ প্রশাসন অধিদপ্তরে অনুষ্ঠিত একটি সংবাদ সম্মেলনে ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মাহবুবুর রহমান এ তথ্য জানিয়েছেন।
মাহবুবুর রহমান বলেছেন, এ পর্যন্ত বেক্সিমকো এবং এসকেএফকে মলনুপিরাভির জরুরি বাজারজাতের অনুমোদন প্রদান করা হয়েছে। এ ছাড়া আরও আটটি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অনুমোদনের তালিকায় রয়েছে।
যুক্তরাষ্ট্রের ওষুধ কোম্পানি মার্ক ও রিজব্যাক বায়োথেরাপিউটিক করোনা নিরাময়ে যৌথভাবে মলনুপিরাভির তৈরি করেছে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, জার্মানিসহ ১৭টি দেশে ওষুধটির ওপর পরীক্ষা হয়েছে। ৪ নভেম্বর যুক্তরাজ্যের ওষুধ নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান ইউনাইটেড কিংডম মেডিসিনস অ্যান্ড হেলথকেয়ার প্রোডাক্টস রেগুলেটরি অথোরিটি ওষুধটি অনুমোদন দিয়েছে।
তবে ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি ও যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) ওষুধটি অনুমোদন দেওয়ার বিষয়টি এখনো পর্যালোচনা করছে।
