বাণিজ্য ডেস্ক :
ঢাকা মহানগরের আমিনবাজারসহ দেশব্যাপী মোট ৩৬টি বাজার ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে পরিচালিত তদারকি কার্যক্রমের মাধ্যমে ভোক্তা-স্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধে ৫৯টি প্রতিষ্ঠানকে ১২ লাখ ৩৩ হাজার ৯০০ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়ের ৩২ জন কর্মকর্তার নেতৃত্বে ঢাকা মহানগরসহ দেশের ২৭টি জেলায় বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।
ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ঢাকা মহানগরের আমিন বাজারসহ দেশব্যাপী মোট ৩৬টি বাজার ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে পরিচালিত তদারকি কার্যক্রমের মাধ্যমে ভোক্তা-স্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধে ৫৯টি প্রতিষ্ঠানকে ১২ লাখ ৩৩ হাজার ৯০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এছাড়া জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে লিফলেট, প্যাম্ফলেট বিতরণসহ হ্যান্ডমাইকে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পরামর্শ দেয়া হয়।
অন্যদিকে লিখিত অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে ১টি প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এসময় ১ জন অভিযোগকারীকে জরিমানার ২৫ শতাংশ হিসেবে ৫০০ টাকা দেয়া হয়।
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্বাস্থ্য বিভাগ, কৃষি বিভাগ, মৎস্য বিভাগ, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সহ সংশ্লিষ্ট শিল্প বণিক সমিতির প্রতিনিধিরা অধিদফতর পরিচালিত এ সকল বাজার অভিযানে সহযোগিতা করে।
উল্লেখ্য, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিট্রেটরা ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে ভোক্তা-অধিকার সংরক্ষণ নিশ্চিতকরণসহ স্থিতিশীল বাজার ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন।
