আব্দুল্লাহ আল মামুন:
দেবহাটা থানা পুলিশের অভিযানে আটককৃত ভারতীয় রেনু পোনা ইছামতি নদীতে অবমুক্ত করা হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার (২৫ এপ্রিল) দিবাগত রাতে থানা পুলিশের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে। রাত প্রায় ২টার দিকে উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের নাংলা এলাকায় সড়কের পাশে জনৈক আনারুলের জমির কাছে পরিত্যক্ত অবস্থায় ৯ বল ভারতীয় রেনু পোনা জব্দ করা হয়।
পুলিশের ধারণা, চোরাকারবারিরা অবৈধ পথে রেনু পোনাগুলো নিয়ে আসার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সেগুলো ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ সেগুলো জব্দ করে।জব্দকৃত রেনু পোনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় শুক্রবার সকাল ১১টার দিকে ইছামতি নদীতে অবমুক্ত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম, এসআই মিজানুর রহমান, দেবহাটা উপজেলা মৎস্য অফিসের প্রতিনিধিসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা।
ওসি আব্দুল আলিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রেনু পোনাগুলো জব্দ করা হয় এবং পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ইছামতি নদীতে অবমুক্ত করা হয়েছে।
