হোম জাতীয় দুর্যোগ পরবর্তী পুনর্বাসন পর্যন্ত সেনাবাহিনী বন্যার্তদের পাশে থাকবে: সেনাপ্রধান

জাতীয় ডেস্ক :

বন্যার পানি নেমে যাওয়ার পরও দুর্যোগ পরবর্তী সহায়তা ও পুনর্বাসন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (২৩ জুন) দুপুরে সদর উপজেলার সুরমা ইউনিয়নের মঈনপুর গ্রামে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ শেষে তিনি এ কথা জানান।

বৃহস্পতিবার দ্বিতীয়বারের মতো বন্যাকবলিত অঞ্চলে হেলিকপ্টারে করে পরিদর্শনে আসেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। সুনামগঞ্জ নেমে স্পিডবোটে করে প্রথমে সুরমা ইউনিয়নের মঈনপুরে গিয়ে অসহায় দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ করেন তিনি।

সেনাপ্রধান বলেন, বাংলাদেশ এমন সক্ষমতার জায়গায় পৌঁছেছে এর চেয়ে বড় দুর্যোগ মোকাবিলা করতে পারব। দুর্যোগ এসেছে সেটা সাহস, ধৈর্য এবং আন্তরিকতার সঙ্গে ত্যাগের মনোভাব নিয়ে কাজ করতে হবে। আমাদের প্রথম লক্ষ্য হলো মানুষের জীবন বাঁচানো। দ্বিতীয়ত, তাদের স্বাস্থ্য এবং অন্য বিষয়গুলো খেয়াল রাখা। এ লক্ষে যা করণীয় সেটা আমরা করে যাচ্ছি।

বন্যার পানি নেমে যাওয়ার পরও বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণাও দেন বাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

১৭ জুন থেকে এ পর্যন্ত ২৫ হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তার পাশাপাশি পুনর্বাসন কার্যক্রম অব্যাহত রেখেছেন সেনা সদস্যরা।

সিলেট, সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বন্যার শুরু থেকেই খাদ্য সহায়তা দেয়ার পাশাপাশি গৃহহীন মানুষের আশ্রয়ের ব্যবস্থা করতে দিনরাত ছুটে চলছে বাংলাদেশ সেনাবাহিনী। জলে, স্থলে কখনো আকাশপথে যেখানে যেভাবে পারছেন মানুষের দুর্ভোগ লাঘবে প্রচেষ্টা অব্যাহত রেখেছে বাহিনীটি। এমনকি দুর্গম স্থানে সবার আগে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন সেনাবাহিনীর সদস্যরা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন