সংকল্প ডেস্ক :
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত মতবিনিময় সভা দু’পক্ষের হাতাহাতি কারণে পন্ড হয়ে গেছে। আজ সকাল 11 টার দিকে সাতক্ষীরা শহরের লেক ভিউ কমিউনিটি সেন্টারে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সাতক্ষীরা জেলা বিএনপির আয়োজনে বেগম জিয়ার মুক্তির দাবীতে মতবিনিময় সভা শুরু হয়। জেলা বিএনপি’র আহবায়ক অ্যাডভোকেট ইফতেখার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মঞ্চে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিম, পৌর বিএনপি’র সভাপতি হাবিবুর রহমান । মঞ্চের সামনে উপবিষ্ট ছিল বিএনপিসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মী ও সমর্থকরা।
সভার শুরুতেই স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মালিককে মোবাইল ফোনে হুমকির বিষয়টি মতবিনিময় সভায় গুরুত্ব পায়।কিন্তু জেলা বিএনপি’র আহবায়ক বিষয়টি এড়িয়ে গিয়ে এজেন্ডার উপর আলোচনা করতে বক্তাদের অনুরোধ করেন।
সম্প্রতি জেলা বিএনপির সদস্য সচিব আব্দুল আলিম চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মানিকের ফোন আলাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়ে যায়। ওই ফোনালাপে আব্দুল আলিম চেয়ারম্যান সহযোগী সংগঠনের আহবায়ক মানিককে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেয়।
উপস্থিত নেতাকর্মীদের চাপের মুখে জেলা বিএনপির সদস্য সচিব আব্দুল আলীম চেয়ারম্যান, ফাঁস হয়ে যাওয়া ফোনালাপের বিষয়ে জবাব দেওয়া শুরু করলে শুরু হয় হট্টগোল। তারপর দু’পক্ষের মধ্যে হাতা হাতি বেঁধে যায়।
এক পর্যায়ে অডিটোরিয়াম থেকে বেরিয়ে উভয় পক্ষ লেকভিউ চত্বরে সংঘর্ষে লিপ্ত হলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়।
