কিশোরগঞ্জ প্রতিনিধি :
করোনা প্রাদুর্ভাবের কারনে ২ বছর বন্ধ থাকার পর এবার শোলাকিয়ায় ১৯৫তম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হতে যাচ্ছে। ব্যাপক নিরাপত্তায় শোলাকিয়ায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে এ বছর।
সকাল ১০টায় ঈদের জামাত শুরু হবে। এতে ইমামতি করবেন বাংলাদেশ ইসলাহুল মুসলেমিন পরিষদের চেয়ারম্যান মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ। জামাতে জায়নামাজ ও মাস্ক ছাড়া আর কিছু সঙ্গে না আনার পরামর্শ দিয়েছেন জেলা প্রশাসন।
আজ বুধবার (২৭ এপ্রিল) সকালে জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ সহ জেলা প্রশাসন ও জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা শোলাকিয়া মাঠের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন।
এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম বলেন, শোলাকিয়া ঈদগাহে এবার ঈদ-উল-ফিতরের জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টায়। মাঠের সকল প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে।
নিরাপত্তার কথা বিবেচনায় মোবাইল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা থাকবে। শোলাকিয়া ঈদগাহে নামাজ আদায়ের সুবিধার্থে ঈদের দিনে কিশোরগঞ্জ-ময়মনসিংহ ও ভৈরব- কিশোরগঞ্জ রুটে শোলাকিয়া এক্সপ্রেস নামে দুটি যান চলাচল করবে।
নির্বিঘ্নে ঈদ জামাত সম্পন্ন করতে শোলাকিয়া ঈদগাহে চার স্তরের নিরাপত্তা বলয়ে ঢাকা থাকবে। ঈদ জামাত সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও বাড়তি পুলিশ মোতায়েন করা হবে।
৪ টি ড্রোন ক্যামেরা, বাইনোকুলারসহ ৫ প্লাটুন বিজিবি, র্যাব, পুলিশসহ অন্যান্য গোয়েন্দা বাহিনী মোতায়েন করা হবে। এ ছাড়াও মাঠে ৬টি ওয়াচ টাওয়ার এবং সিসি ক্যামেরা দ্বারা পুরো মাঠ মনিটরিং করা হবে।
এ কাজে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশ মোতায়েন থাকবে। ৬ টি এ্যাম্বুলেন্সসহ মেডিকেল টিম এবং ফায়ার সার্ভিসের ২টি ইউনিট সার্বক্ষণিক মোতায়েন থাকবে। বোম্ব ডিসপোজাল ইউনিট সহ পুলিশের কুইক রেস্পন্স টিম ও প্রস্তুত থাকবে।
