খেলাধূলা ডেস্ক :
দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগ এসএ২০-এর নিলামে নাম দিয়েছেন বাংলাদেশের পেসার খালেদ আহমেদ। নিলামের প্রাথমিক তালিকায় নাম থাকা ২৮৫ বিদেশির মধ্যে তিনিই একমাত্র বাংলাদেশি ক্রিকেটার। আগামী ১৯ সেপ্টেম্বর নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আর টুর্নামেন্টটি শুরু হচ্ছে আগামী বছরের জানুয়ারিতে।
অবশ্য একই সময়ে (৫ জানুয়ারি-১৬ ফেব্রুয়ারি) বিপিএল শুরু হওয়ার কথা রয়েছে। প্রোটিয়া এই নতুন টি-টোয়েন্টি লিগে তাই খেলার সম্ভাবনা নেই খালেদের। টাইগার এ পেসার বলেন, আমার এজেন্ট যখন নিলামের জন্য নাম দিয়েছিল, তখন বিপিএলের সূচি চূড়ান্ত ছিল না। এখনতো বিপিএল রেখে সেখানে খেলা সম্ভব না।
শুক্রবার (২ সেপ্টেম্বর) ৫৩৩ জন খেলোয়াড়ের নামের তালিকা প্রকাশ করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। এর মধ্যে ২৪৮ জনই তাদের দেশের। জ্যাডেন সিলস ও ওডিন স্মিথকে সর্বোচ্চ ১ লাখ ১ হাজার ডলারে নিলামে নাম রাখা হয়েছে।
নিলামে নাম রয়েছে ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক ইয়ন মরগান ও নিউজিল্যান্ডের সাবেক ব্যাটসম্যান রস টেইলরের। নিলামে আগ্রহীদের মধ্যে নেই কোনো পাকিস্তানি ক্রিকেটারের নাম।
আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে ছয় দলের ফ্র্যাঞ্চাইজি নিয়ে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। প্রতি দল ১৭ জন করে ক্রিকেটার নিতে পারবে। এর মধ্যে বিদেশি ক্রিকেটার হবেন সাতজন। ১০ জন করে ক্রিকেটার নিতে হবে দক্ষিণ আফ্রিকা থেকে। ক্রিকেটার কেনাবেচার জন্য ২ মিলিয়ন ইউএস ডলার সীমা নির্ধারণ করে দেয়া হয়েছে।
