আন্তর্জাতিক ডেস্ক :
জ্বালানি তেলের দাম বাড়ার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল পেরু। মঙ্গলবার দেশটির রাজধানী লিমার বিভিন্ন মহাসড়ক বন্ধ করে দেয় পরিবহন কর্মীরা। এসময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। এতে আহত হন বেশ কয়েকজন।
এদিকে, অব্যাহত বিক্ষোভের জেরে রাজধানী লিমায় কারফিউ জারি করেছেন পেরুর প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলো। অন্যদিকে দক্ষিণ আমেরিকার আরেক দেশ কলোম্বিয়ায় নতুন সড়ক আইনের প্রতিবাদে বিক্ষোভ করেছেন কয়েকশ মোটরবাইক চালক।
জ্বালানি তেলের দাম বাড়ার প্রতিবাদে পেরুর রাজধানী লিমার রাস্তায় পরিবহন কর্মীরা। স্থানীয় সময় মঙ্গলবার টায়ার জ্বালিয়ে কয়েকটি মহাসড়ক বন্ধ করে দেন তারা।
একপর্যায়ে বিক্ষোভকারীদের রাস্তা থেকে সরাতে পুলিশ মোতায়েন করা হয়। এসময় বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী। এতে বেশ কয়েকজন বিক্ষোভকারী আহত হন। আটক করা হয় কয়েকজনকে।
তারা বলেন, পরিবহন কর্মীদের দাবিটি সঠিক। দেশের অর্থনীতি এখনো স্থিতিশীল নয়। জ্বালানির দাম বাড়ানোর প্রভাব সবখানে পড়ছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দামও বেড়ে যাচ্ছে।
শুনেছি জ্বালানির ওপর থেকে ট্যাক্স প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে আমরা চাই কিছুদিন পর এটা যেন আর না বাড়ানো হয়। আমরা চাই জ্বালানি ও জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে সরকার সরাসরি হস্তক্ষেপ করুক।
এদিকে, অব্যাহত বিক্ষোভের জেরে রাজধানী লিমায় কারফিউ জারি করেছেন পেরুর প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলো। মঙ্গলবার জাতির উদ্দেশে ভাষণে এ ঘোষণা দেন তিনি।
দক্ষিণ আমেরিকার আরেক দেশ কলোম্বিয়ায় গাড়ি চালানোর আইনের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে। দেশটির রাজধানী বোগোতায় হওয়া এই বিক্ষোভে কয়েকশ মোটরচালক অংশ নেন। এসময় অবিলম্বে নতুন আইন বাতিল করতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।
সম্প্রতি কলোম্বিয়ায় বিতর্কিত গাড়ি চালানোর আইনের খসড়া অনুমোদন দেয়া হয়। এতে বলা হয়, রাস্তায় অপরাধ কমিয়ে আনতে প্রতি শুক্র, শনি ও বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে ভোর ৪টা পর্যন্ত মোটরবাইকে একজনের বেশি চড়তে পারবেন না। ১১ এপ্রিল থেকে আইনটি কার্যকর হবে বলে জানিয়েছে কলোম্বিয়ার আইন মন্ত্রণালয়।
