হোম আন্তর্জাতিক তীব্র গরম-ভয়াবহ পানি সংকটে বিপর্যস্ত ভারত

আন্তর্জাতিক ডেস্ক :

ভয়াবহ পানি সংকটে দুর্ভোগ পোহাচ্ছেন ভারতের বিভিন্ন রাজ্যের মানুষ। নয়াদিল্লি, মহারাষ্ট্রসহ বেশ কয়েকটি রাজ্যে তাপমাত্রা ছাড়িয়েছে ৪৮ ডিগ্রি সেলসিয়াস। আর এতে পানি সংকট আরও তীব্র হয়েছে। তবে এ অবস্থায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নারীরা। প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে পানি সংগ্রহে লড়াই করতে হচ্ছে তাদের।

কাঠফাঁটা রোদে এক বালতি পানির জন্য রীতিমত যুদ্ধ চলছে। সারাদিন লড়াইয়ের পর দিন শেষে কারো ভাগ্যে মেলে, কেউ আবার ফেরেন শূন্য হাতে। এমন পরিস্থিতি এখন ভারতের বিভিন্ন রাজ্যের।

গ্রীষ্মকাল শুরু হতেই দেশটির বিভিন্ন রাজ্যে প্রতি বছরই দেখা দেয় তীব্র পানি সংকট। এ বছর তা আরও বেড়েছে। নয়াদিল্লি, মহারাষ্ট্র, হরিয়ানা, পাঞ্জাব, মধ্যপ্রদেশ ও উত্তর প্রদেশের অবস্থা সবচেয়ে ভয়াবহ। সামান্য পরিমাণ পানি পেতে হেঁটে পাড়ি দিতে হচ্ছে মাইলের পর মাইল। তারপরও পানি মিলবে কিনা তা নিয়ে রয়েছে শঙ্কা।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভারতের কোথাও কোথাও তাপমাত্রা ছাড়িয়েছে ৪৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তাতে পানি সংকট আরও চরম আকার ধারণ করেছে। আর এতে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে নারীদের। পানি সংগ্রহে প্রতিদিনই তাদের ছুটতে হয় এক গ্রাম থেকে আরেক গ্রামে। কখনো কখনো পানির পাত্র মাথায় জীবনের ঝুঁকি নিয়ে পাহাড়ি ঢাল বেয়েও পথ চলতে হয় তাদের।

পানি সংকট মোকাবিলায় রাজ্যগুলোতে প্রশাসনের পক্ষ থেকে পানির ট্যাঙ্ক পাঠানো হলেও তা নিয়ে রয়েছে নানা অভিযোগ। স্থানীয়রা বলছেন, দিনে দুই থেকে তিনবার আসে এসব পানি ভর্তি ট্যাঙ্ক। সেই ট্যাঙ্ক থেকে পানি সরবরাহ করা হয় কুয়ার ভেতরে। সেখান থেকে রীতিমত যুদ্ধ করে পানি তুলতে হয়। যদিও কুয়া ভর্তি হওয়ার আগেই ফুরিয়ে যায় পানি। আবার এ পানির মান নিয়েও রয়েছে নানা অভিযোগ।

অতিরিক্ত তাপমাত্রা ও পানি সংকটের কারণে নারীদের পানি শূন্যতা ও হিট স্ট্রোকের সংখ্যা বাড়ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন