জাতীয় ডেস্ক :
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে ধানবোঝাই নৌকাডুবির ঘটনায় বিল্লাল (২৭) নামে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন।
মঙ্গলবার (১৯ এপ্রিল) সকাল ১০টার দিকে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চাপুইর এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ ধানকাটা শ্রমিক বিল্লাল ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বড়জোড়া গ্রামের আব্দুল বারেকের ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ এমরান হোসেন জানান, সকালে সদর উপজেলার চাপুইর এলাকা থেকে ধানবোঝাই একটি নৌকা তিতাস নদী দিয়ে বাসুদেব ইউনিয়নের পাইকপাড়ায় যাচ্ছিল।
নৌকাটিতে ধানের মালিকসহ ধানকাটার শ্রমিক ও মাঝি ছিলেন। চাপুইর এলাকায় কিছু দূর যাওয়ার পর নৌকাটি হঠাৎ ডুবে যায়। এ সময় অন্যরা সাঁতারে নদীর তীরে উঠলেও শ্রমিক বিল্লাল নিখোঁজ হন।
খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ চালাচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোহাম্মদ জুয়েল মিয়া জানান, ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি এবং আখাউড়া থেকে অপর একটি উদ্ধারকারী দল নিখোঁজ শ্রমিককে উদ্ধার তৎপরতা চালায়।
নদীর এ জায়গাটিতে গভীরতা বেশি হওয়ায় উদ্ধারে অভিযানে বেগ পেতে হচ্ছে। তাই কিশোরগঞ্জ থেকে ডুবুরি দল আসছে। আশা করা যাচ্ছে নিখোঁজ শ্রমিককে দ্রুত সময়ের মধ্যে উদ্ধার করা সম্ভব হবে।
