জাতীয় ডেস্ক :
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক তরুণীর মরদেহ রেখে পালিয়েছে তাকে হাসপাতালে নিয়ে আসা লোকজন। হাসপাতালের টিকিট থেকে জানা গেছে তার নাম রোকসানা (৩৮)।
সোমবার (১৮ জুলাই) বেলা আড়াইটার দিকে হাসপাতালের জরুরি বিভাগে এ ঘটনা ঘটে।
জরুরি বিভাগের কর্মচারীরা জানান, বেলা আড়াইটার দিকে একজন পুরুষ ও দুইজন মহিলা অচেতন অবস্থায় ওই তরুণীকে হাসপাতালে নিয়ে আসেন। এরপর টিকিট কেটে মেডিকেল অফিসারকে দেখান। সঙ্গে সঙ্গে তার ইসিজি পরীক্ষার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর পরপরই সবার অগোচরে হাসপাতাল থেকে সটকে যান তারা।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, ওই তরুণীর থুতনিতে কালো দাগ রয়েছে। তাকে হাসপাতালে নিয়ে আসা লোকজন চিকিৎসককে তখন জানিয়েছিলেন, কীটনাশক পান করেছেন তিনি। মরদেহটি জরুরি বিভাগেই রাখা হয়েছে। রোগীর টিকিটে ঠিকানা দেওয়া হয়েছে, নারায়ণগঞ্জের সোনারগাঁও। ঘটনাটি শাহবাগ থানা পুলিশকে জানানো হয়েছে।
