হোম জাতীয় ঢাবিতে সংঘর্ষ: ছাত্রদল সম্পাদকসহ ১৮ নেতার নামে ছাত্রলীগের মামলা

জাতীয় ডেস্ক :

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে মঙ্গলবার (২৪ মে) ছাত্রদল ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদসহ ১৮ নেতা এবং অজ্ঞাত আরও ৫০-৬০ জনের বিরুদ্ধে মামলা করেছেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক নেতা।

ঘটনার তিন দিন পর শুক্রবার (২৭ মে) রাতে বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ হল শাখা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম রাজধানীর শাহবাগ থানায় ওই মামলা দায়ের করেন।

মামলায় যে ১৮ জনের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন— ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ, কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি রাশেদ ইকবাল খান, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক আকতার হোসেন ও সদস্যসচিব আমানউল্লাহ আমান, ঢাকা মহানগর উত্তর শাখা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান ও জ্যেষ্ঠ সহসভাপতি রাজিব হোসেন, কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সাইদুর রহমান ও জ্যেষ্ঠ সহসভাপতি ইরফান আহমেদ, সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আরিফুর রহমান ও জ্যেষ্ঠ সহসভাপতি মাহফুজুর রহমান, ঢাকা মহানগর পশ্চিম শাখা ছাত্রদলের সভাপতি আবুল কালাম আজাদ ও জ্যেষ্ঠ সহসভাপতি তরিকুল ইসলাম, ঢাকা কলেজ শাখা ছাত্রদলের সভাপতি শাহিনুর রহমান ও জ্যেষ্ঠ সহসভাপতি দেলোয়ার হোসেন, তেজগাঁও কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ফয়সাল দেওয়ান এবং জ্যেষ্ঠ সহসভাপতি শামীম পালোয়ান। এছাড়া অজ্ঞাত পরিচয় আরও ৫০-৬০ জনের কথাও এজাহারে উল্লেখ করা হয়েছে।

এজাহারে বলা হয়, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ছাত্রলীগের নেতাকর্মীরা শান্তিপূর্ণ মিছিল নিয়ে মধুর ক্যান্টিন থেকে শহীদুল্লাহ হলে ফিরছিলেন। কিন্তু কার্জন হলের সামনের রাস্তায় পৌঁছালে এজাহারে উল্লিখিত ১৮ নেতাসহ অজ্ঞাতনামা ৫০-৬০ জন লাঠি, রডসহ মারাত্মক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের হত্যার উদ্দেশ্যে হামলা করে। এতে শহীদুল্লাহ হলের আট সাধারণ শিক্ষার্থীসহ ফজলুল হক মুসলিম হল ও জগন্নাথ হলের আরও অনেকের মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় জখম হওয়াসহ গুরুতর আহত হন।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে।

প্রসঙ্গত, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি পালনের উদ্দেশ্যে ক্যাম্পাসে ছাত্রদল প্রবেশ করলে আগে অবস্থান নেয়া ছাত্রলীগের কর্মীরা তাদের বাধা দেয়। তখনই বাধে সংঘর্ষ।

একপর্যায়ে দুই ছাত্র সংগঠনের নেতাকর্মীদের মধ্যে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। দুপক্ষই মুখোমুখি অবস্থান নিয়ে ইটপাটকেল নিক্ষেপ করতে শুরু করে। পরে ছাত্রদলের কর্মীরা ঢাকা মেডিকেলে অবস্থান নিলে ছাত্রলীগের কর্মীরা তখন শহীদ মিনারসহ পুরো ক্যাম্পাসজুড়ে অবস্থান নেয়। সকাল সাড়ে ১১টার দিকে আবারও দোয়েল চত্বরে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংঘর্ষের ঘটনায় ২৫ জনের মতো আহত হয় বলে জানা যায়।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন