শিক্ষা ডেস্ক :
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালীন কার্জন হলের পরীক্ষাকেন্দ্র থেকে সন্দেহভাজন দুজনকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন।
শুক্রবার (১০ জুন) বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে তাদের আটক করা হয়। তারা হলেন- সিয়াম, বাড়ি কুষ্টিয়া এবং মাশরাফি, বাড়ি ফেনী।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বিষয়টি নিশ্চিত করে বলেন, ভর্তি পরীক্ষার নিরাপত্তা ও স্বচ্ছতার জন্য যা যা করা লাগে সে বিষয়ে আমরা সর্বোচ্চ সচেষ্ট। এ বিষয়ে আমরা সবার সহযোগিতা চাই। আজ ভর্তি পরীক্ষার সবচেয়ে বড় পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে। এ পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করছে। আমাদের গত পরীক্ষাগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আমরা চাই, বাকি পরীক্ষাগুলোও সুষ্ঠুভাবে সম্পন্ন হোক।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ঢাকার বাইরের বিশ্ববিদ্যালয়গুলো থেকে আমরা খবর পেয়েছি, তারা কোনো ধরনের সমস্যা ছাড়াই যথাযথভাবে ভালো পরীক্ষা পরিচালনা করছে। আমি শিক্ষার্থীদের সঙ্গেও কথা বলেছি। প্রশ্নপত্রের মান ও ব্যবস্থাপনা নিয়ে তারা খুব সন্তুষ্টি প্রকাশ করেছে।
