ডুমুরিয়া প্রতিনিধি :
ডুমুরিয়ার মাগুরা ঘোনায় গাছের ডাল কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নজরুল ইসলাম (৫০) নিহত ও মুক্তা খাতুন (১৭) আহত হয়েছে। আহত খুমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ ও প্রত্যাক্ষদর্শী সুত্রে জানা যায়, ৩রা আগষ্ট মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে ডুমুরিয়া উপজেলার ৬নং মাগুরা ঘোনা ইউনিয়নের হোগলাডাঙ্গা গ্রামের আশরাফ শেখের ছেলে রিপন শেখ (২৫) ইমন শেখ (২২) ও মানুন শেখ (১৮) একটি শিরিশ গাছের ডাল কাটাকে কেন্দ্র করে একই গ্রামের মাহাতাব শেখের ছেলে নজরুল ইসলাম শেখ (৫০) ও তার মেয়ে মুক্তা খাতুন (১৭) কে বেদম মারপিট করে। এতে নজরুল ইসলাম শেখ ও মুক্তা খাতুন রক্তাক্ত জখম হয়ে গুরুতর আহত হন।

খবর পেয়ে স্থানীয় লোকজন ও মাগুরাঘোনা পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে এসে আহতদেরকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮ টার দিকে নজরুল ইসলামের মৃত্যু হয়। খবর পেয়ে খুলনা জেলা পুলিশের সহকারি পুলিশ কমিশনার বি সার্কেল জনাব এসএম রাজু আহম্মেদ, ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমানসহ পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন। এ রিপোট লেখা পর্যন্ত আহত মুক্তা খাতুন (১৭) আহতবস্থায় খুমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ।
