হোম জাতীয় ডিজিটাল হেলথ কার্ডে রোগীর সব তথ্য রেকর্ড থাকবে: স্বাস্থ্যমন্ত্রী

ডিজিটাল হেলথ কার্ডে রোগীর সব তথ্য রেকর্ড থাকবে: স্বাস্থ্যমন্ত্রী

কর্তৃক Editor
০ মন্তব্য 57 ভিউজ

নিউজ ডেস্ক:
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, রোগীদের চিকিৎসার সুবিধার্থে আগামী তিন মাসের মধ্যে বিজ্ঞানসম্মত ডিজিটাল হেলথ কার্ড বিতরণ করা হবে। এই কার্ডের মাধ্যমে রোগীর জিন থেকে শুরু করে পূর্ববর্তী চিকিৎসার সমস্ত রেকর্ড সংরক্ষিত থাকবে। ফলে দেশের যেকোনো স্থানে চিকিৎসকের কাছে গেলে রোগীকে মুখে কিছু বলতে হবে না, কার্ড দেখেই চিকিৎসক সব বুঝতে পারবেন।

বুধবার দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ হলরুমে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ ও গরিব জনসাধারণের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে অনুদান বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা নির্বাচনের প্রতিশ্রুতি যা দিয়েছি তা বাস্তবায়ন শুরু করেছি। এরই মধ্যে আপনারা দেখেছেন ফ্যামিলি কার্ড বিতরণের মাধ্যমে আমরা আমাদের কথা রেখেছি। পর্যায়ক্রমে প্রতিমাসেই আমরা সারা বাংলাদেশে এই কার্ড বিতরণ করব।

কৃষকদের সুবিধার কথা উল্লেখ করে তিনি জানান, কৃষকের কৃষি ঋণের ১০ হাজার টাকা সমুদয় সুদসহ মওকুফ করে দেওয়া হয়েছে। এছাড়া, আগামী মাসের ভেতরে কৃষকদের জন্য কৃষক কার্ড দেওয়া হবে। এভাবে প্রতিটি মন্ত্রণালয়ে সজাগ দৃষ্টি রেখে সরকার কাজ শুরু করেছে, যেন জনগণের উপকার হয়।

সরকারের দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, আপনারা যেই ভোট দিয়েছেন তার বিনিময়ে এই দুনিয়ায় যেন কিছু কল্যাণ দিয়ে যেতে পারি, সেই চেষ্টাই আমরা করছি। যেন আপনারা বোঝেন, ভোট দিয়ে যাদের এমপি বানিয়েছেন তারা আপনাদের কাছে দায়বদ্ধ। আপনাদের খোঁজখবর রাখাসহ আমাদের জবাবদিহিতাও আছে। এই সরকার একটি দায়বদ্ধ সরকার।

পূর্ববর্তী সরকারের সমালোচনা করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত সরকার সমাজকল্যাণ মন্ত্রণালয়ে ১০টি টাকাও ফান্ড রেখে যায়নি। তবুও এর মধ্যে প্রতিটি ইউনিয়নের মসজিদ, মন্দির, গোরস্থানের জন্য আমরা ৩০ লাখ টাকা করে বরাদ্দ দিয়েছি।

সবার সহযোগিতা পেলে দুর্নীতি ও মাদকমুক্ত একটি সুন্দর সমাজ উপহার দিতে পারবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এ মুহাইমিন আল জিহান। উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজিব মিয়া, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগ, উপজেলা বিএনপির সদস্য ভিপি মোস্তফা মিয়াসহ বিভিন্ন ইউনিয়নের নেতারা।

অনুষ্ঠান শেষে স্বাস্থ্যমন্ত্রী উপজেলার ২৮২ জন দুস্থ ও গরিব মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে অনুদান বিতরণ করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন