জাতীয় ডেস্ক :
ভোলা জেলার শাহবাজপুর গ্যাসক্ষেত্রের টবগী-১ কূপ থেকে দৈনিক ২০/২৫ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
শুক্রবার (১৯ আগস্ট) কূপ খননের উদ্বোধন শেষে ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি বলেন, এ প্রকল্পের আওতায় দ্রুতই আরও ২টি অনুসন্ধান কূপ ইলিশা-১ ও ভোলা নর্থ-২ খনন করা হবে।
প্রতিমন্ত্রী বলেন, দেশীয় জ্বালানি অনুসন্ধান কার্যক্রম আরও জোরদার করেছে সরকার। এ লক্ষ্যে ২০২২-২৫ সালের মধ্যে আমরা ৪৬টি নতুন অনুসন্ধান, উন্নয়ন ও ওয়ার্কওভার কূপ খননের পরিকল্পনা গ্রহণ করেছি।
তিনি বলেন, ২০০৯ সালে দায়িত্ব নেবার পর বর্তমান সরকারের নেতৃত্বে জ্বালানি বিভাগ এ পর্যন্ত ২১টি অনুসন্ধান, ৫০টি উন্নয়ন ও ৫৬টি ওয়ার্কওভার কূপ খনন করেছে। যার হাত ধরে বাংলাদেশ পেয়েছে ৫টি নতুন গ্যাসক্ষেত্র। দেশীয় খনিজ সম্পদ অনুসন্ধানে জোর দেবার কারণেই ২০১৮ সালে আমাদের গ্যাস উৎপাদন বেড়ে দাঁড়ায় দৈনিক ২৭৫০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফ), যা ২০০৯ সালে ছিল দৈনিক ১,৭৪৪ এমএমসিএফ। কূপগুলোর রিজার্ভ কমতে থাকায় উৎপাদন কিছুটা হ্রাস পেলেও এলএনজিসহ বর্তমানে বাংলাদেশের দৈনিক প্রাকৃতিক গ্যাস সরবরাহ প্রায় ৩,৩০০ মিলিয়ন ঘনফুট।
