খেলাধূলা ডেস্ক :
টানা বৃষ্টি ও ঝড়ো বাতাসের কবলে পড়েছে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার মধ্যকার চলমান টেস্টের ভেন্যু গল আন্তর্জাতিক স্টেডিয়াম। দ্বিতীয় দিনের খেলা শুরুর আগেই প্রবল বাতাসের তোড়ে ভেঙে পড়েছে শেড দিয়ে বসানো অস্থায়ী গ্যালারি। যেখানে টেস্টের প্রথম দিনে ছিল দর্শকদের ভিড়।
মৌসুমী বৃষ্টি ও প্রবল বাতাসের কারণে চলমান শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা নির্ধারিত সময়ে শুরু করা সম্ভব হয়নি। দুদলের খেলোয়াড়রা নির্ধারিত সময়েই স্টেডিয়ামে এসে উপস্থিত হলেও তারা মাঠে ঢোকার কিছুক্ষণ পরই ঝড়-বৃষ্টিতে পরিবেশ খেলার অযোগ্য হয়ে পড়ে।
বৃহস্পতিবার (৩০ জুন) সকাল থেকে শুরু হওয়া অতিবৃষ্টিতে বলতে গেলে বিলীন হয়ে গেছে অস্থায়ী গ্যালারি। তবে সৌভাগ্যের বিষয় তখন সেই গ্যালারিতে ছিলেন না কেউ। শুধু গ্যালারিই নয় ব্রডকাস্টারদের জন্য বানানো উঁচু স্ট্যান্ডের শেডের ছাদও উড়ে গেছে ঝড়ে। সব মিলিয়ে নাজেহাল দশায় পড়েন শ্রীলঙ্কার এই ঐতিহ্যবাহী মাঠের কর্মীরা। বৃষ্টির সম্ভাবনা থাকায় আগেই ঢেকে রাখা হয়েছিল মাঠের উইকেট। কিন্তু ঝড় শুরু হতেই সেসব কাভার উড়ে যাওয়ার উপক্রম হয়। প্রবল বাতাসে মাঠ কভারে ঢেকে রাখতে প্রচণ্ড পরিশ্রম করতে হয় মাঠ কর্মীদের। বাতাসের তীব্রতা এতই বেশি ছিল যে, তারা সবাই মিলে ধরেও আটকাতে পারছিলেন না ভারী কভারগুলো।
তবে ঝড়ে গ্যালারি ও স্ট্যান্ড চুরমার হয়ে গেলেও মাঠকর্মীদের কঠোর পরিশ্রমে মাঠে এর ছাপ পড়তে দেননি মাঠকর্মীরা। উইকেট ও আউটফিল্ড তাই দ্রুতই খেলার উপযোগী করে তোলা সম্ভব হয়। তবে মাঠের পূর্ব দিকে সীমানা দড়ি ঘেঁষে থাকা ধাতব শিটগুলো বাতাসে উড়ে গিয়েছে।
তবে বৃষ্টি ও ঝড় থেমে যাওয়ায় মাঠে গড়িয়েছে দ্বিতীয় দিনের খেলা। বাংলাদেশ সময় দুপুর ২টা ১৫ মিনিটে শুরু হয় গল টেস্টের দ্বিতীয় দিনের খেলা। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সময় নষ্ট হওয়ায় ৫৯ ওভার খেলার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন আম্পায়াররা।
এদিকে গল টেস্টের প্রথম দিনেই নাথান লায়নের ঘূর্ণিতে নাকাল হয়ে ২১২ রানে অলআউট হয়ে গেছে শ্রীলঙ্কা। পাঁচ উইকেট নিয়েছেন এই অফস্পিনার। ব্যাট হাতে শ্রীলঙ্কার পক্ষে ৬০ রান করেন নিরোশান ডিকভেলা। জবাব দিতে নেমে এই রিপোর্ট লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪ উইকেটে ১৫২ রান। ৬৮ রানে অপরাজিত আছেন উসমান খাজা। ২১ রান করে তাকে সঙ্গ দিচ্ছেন অলরাউন্ডার ক্যামেরুন গ্রিন।
