রাজনীতি ডেস্ক :
জ্বালানির ব্যয় সাশ্রয় পরিকল্পনার অপব্যাখ্যা দিয়ে বিএনপি জনগণকে বিভ্রান্ত করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা। তারা বলেন, আন্দোলনের নামে দলটি জনগণকে উসকে দিয়ে সাংঘর্ষিক পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে। দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে রাজপথে তাদের মোকাবিলা করার হুঁশিয়ারি ক্ষমতাসীন দলের নেতাদের।
উন্নত দেশসহ সারা বিশ্বে জ্বালানিসংকট তীব্র হলেও বাংলাদেশ সেই সংকটে এখনো পড়েনি। তারপরও জ্বালানি সাশ্রয়ে নানা পদক্ষেপ নিচ্ছে সরকার।
আওয়ামী লীগ নেতারা বলছেন, জ্বালানি ব্যয় বেড়ে যাওয়ায় সাশ্রয়ের পরিকল্পনা নিয়েছে সরকার। কিন্তু বিএনপি এর অপব্যাখ্যা করে জনগণকে উসকে দিচ্ছে।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন নাছিম বলেন, আন্দোলনের নামে বিএনপি রাজনৈতিক ফায়দা লুটতে চাইলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে।
তিনি বলেন, বিএনপি-জামায়াত যত সহজে রাজপথে আন্দোলন করে গণতান্ত্রিক সরকারের পতন ঘটাতে চায়, তা এত সহজ নয়। বর্তমান জ্বালানিসংকট বৈশ্বিক। যদিও বাংলাদেশে জ্বালানিসংকট নেই। এখানে প্রয়োজন সাশ্রয়। সেটাকে বিএনপি অপব্যাখ্যা দিয়ে ভুল পথে মিথ্যাচার করে বলছে, বাংলাদেশে বিদ্যুৎসংকট হয়েছে।
এদিকে নিজ বাসভবনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, জনগণের সাড়া না পেলে আন্দোলনের নামে বিএনপির কোনো কর্মসূচিই সফল হবে না।
কামরুল ইসলাম বলেন, ‘বিএনপি এ ধরনের কথা বলে একটি সাংঘর্ষিক পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে। আমরা যথেষ্ট ধৈর্যের পরীক্ষা দিচ্ছি। রাজপথে আমরা সংঘর্ষে লিপ্ত হতে চাই না। তাদের অতীতের কুৎসিত চেহারা মানুষ ভোলেনি। কাজেই এ ধরনের বিভ্রান্তি সৃষ্টি করে আন্দোলনের নামে জনগণকে উসকে দেয়ার চেষ্টা করে কোনো ফায়দা হবে বলে মনে করি না।’
হুমকি-ধমকি দিয়ে সরকার পতন সম্ভব না। সংবিধান অনুযায়ী নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হবে বলেও জানান নেতারা।
