শিক্ষা ডেস্ক :
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম। রোববার (১৭ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয়টির নতুন উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন জারি করে।
অধ্যাপক মো. নূরুল আলম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক। তিনি সদ্য সাবেক উপাচার্য ফারজানা ইসলামের স্থলাভিষিক্ত হচ্ছেন।
প্রজ্ঞাপনে বলা হয়, উপাচার্য পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন। তবে বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে উপাচার্যকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে।
জানা গেছে, আগের ভিসির মেয়াদ শেষ হলে নুরুল আলম এত দিন ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ফারজানা ইসলাম টানা দুই মেয়াদে উপাচার্যের দায়িত্ব পালন করেন।
