জাতীয় ডেস্ক :
জাতীয় অনুষ্ঠানস্থলের এক কিলোমিটারের মধ্যে গ্যাসের সিলিন্ডারযুক্ত গাড়ি রাখা যাবে না। বিশেষ করে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীসহ বিভিন্ন রাষ্ট্রীয় জাতীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠানস্থলের অন্তত এক কিলোমিটার দূরে গ্যাসচালিত গাড়ি রেখে অনুষ্ঠানে যেতে হবে।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) সচিবালয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে গঠিত নিরাপত্তা বিষয়ক উপ-কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে।
বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, আমরা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানগুলো শেষ করতে যাচ্ছি। সামনে স্বাধীনতার ৫০ বছর পূর্তির অনুষ্ঠান শুরু হবে ১৬ ডিসেম্বর।
মন্ত্রী বলেন, ‘উৎসবস্থল যেমন জাতীয় প্যারেড স্কয়ার, সংসদ ভবন, টুঙ্গিপাড়ার এক কিলোমিটারের মধ্যে কোনো গ্যাস সিলিন্ডারের গাড়ি না রাখার নিষেধাজ্ঞা আমরা জারি করব। মাঝে মাঝে গ্যাস সিলিন্ডার বিপত্তি ঘটায়, সে দিকটি নজরে নিয়ে আমরা এটা করতে যাচ্ছি।’
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিজয় দিবসকে সামনে রেখে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দুই দিনব্যাপী অনুষ্ঠান আয়োজন করা হবে। ১৬ ও ১৭ ডিসেম্বর অনুষ্ঠানস্থল ও পার্শ্ববর্তী এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১৬ ডিসেম্বর জাতীয় প্যারেড স্কয়ারেও জাতীয় অনুষ্ঠান হবে। সেখানে বিদেশি অতিথিরাও উপস্থিত থাকবেন।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী নিয়ে ২৪ থেকে ২৯ নভেম্বর টুঙ্গিপাড়ায় অনুষ্ঠান হবে। সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও উপস্থিত থাকবেন।
