হোম আন্তর্জাতিক চীনের সঙ্গে স্নায়ুযুদ্ধে আগ্রহ নেই যুক্তরাষ্ট্রের!

আন্তর্জাতিক ডেস্ক :

চীনের সঙ্গে কোনো স্নায়ুযুদ্ধে জড়াতে আগ্রহী নয় যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। পাশাপাশি বেইজিং-এর অর্থনৈতিক কর্মকাণ্ডে ওয়াশিংটন হস্তক্ষেপ করবে না বলেও মন্তব্য করেন তিনি।

তবে চীনকে অবশ্যই আন্তর্জাতিক আইনের সম্মান করতে হবে, নইলে বৈশ্বিক নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাষ্ট্র যেকোনো পদক্ষেপ নিতে প্রস্তুত বলে হুঁশিয়ার করেন ব্লিঙ্কেন। অন্যদিকে চীনের অভিযোগ, আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য সবচেয়ে বড় হুমকি এখন যুক্তরাষ্ট্র।

চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, তাইওয়ান কিংবা সলোমন দ্বীপপুঞ্জসহ বিভিন্ন ইস্যুতে সাম্প্রতিক সময়ে চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বেড়েছে। কোনো পক্ষই ছাড় দিতে রাজি নয়। দুই দেশের তরফ থেকে পাল্টাপাল্টি বক্তব্যে স্নায়ুযুদ্ধের আশঙ্কাও তৈরি হয়েছে বহুবার। এবার যুক্তরাষ্ট্র জানিয়েছে, বেইজিংয়ের সঙ্গে কোনো সংঘাতে যেতে চায় না ওয়াশিংটন।

বৃহস্পতিবার জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, বিশ্বজুড়ে চীনের অর্থনৈতিক কর্মকাণ্ডে বাধা দিতে চায় না যুক্তরাষ্ট্র। তবে বেইজিংকে অবশ্যই আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান করতে হবে, নইলে বৈশ্বিক নিরাপত্তা নিশ্চিতে ওয়াশিংটন যেকোনো পদক্ষেপ নিতে প্রস্তুত বলেও হুঁশিয়ার করেন ব্লিঙ্কেন।

তিনি বলেন, ‘আমরা চীনের সঙ্গে স্নায়ুযুদ্ধ চাই না; বরং যেকোনো যুদ্ধই এড়াতে চাই আমরা। বিশ্বের পরাশক্তি হিসেবে ভূমিকা রাখার ক্ষেত্রে চীনকে আমরা বাধা দিতেও আগ্রহী নই। তারা স্বাধীনভাবে নিজেদের অর্থনৈতিক কর্মকাণ্ড এগিয়ে নিলেও আমরা সেখানে হস্তক্ষেপ করব না। তবে বিশ্বের শান্তি বজায় রাখতে এবং আন্তর্জাতিক আইন রক্ষায় কাজ করে যাবে যুক্তরাষ্ট্র।’

অন্যদিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য অন্য কেউ নয়; বরং যুক্তরাষ্ট্রকেই হুমকি হিসেবে দেখছে চীন। বৃহস্পতিবার চীনা প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র আরও দাবি করেন, ভবিষ্যতে পরমাণু অস্ত্র দিয়ে নিজের স্বার্থরক্ষা করার চেষ্টা চালাতে পারে ওয়াশিংটন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন