বাণিজ্য ডেস্ক :
চীনের ন্যাশনাল টেকনিক্যাল ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশন (সিএনটিআইসি) সঙ্গে ৪২ লাখ ডলারের পণ্য রফতানির চুক্তি স্বাক্ষর করেছে রাষ্ট্রয়াত্ত প্রতিষ্ঠান ইস্টার্ন কেবলস্।
সোমবার (৪ জুলাই) সকাল ১১ টা ৩০ মিনিটে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন (বিএসইসি)’র সভাকক্ষে চীনের ন্যাশনাল টেকনিক্যাল ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশন (সিএনটিআইসি) এবং ইস্টার্ন কেবলস লি. এর মধ্যে ৪২ লাখ ডলারের রফতানি চুক্তি স্বাক্ষর করা হয়। বিএসইসির চেয়ারম্যান মো. শহীদুল হক ভূঁঞার উপস্থিতিতে ইসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ এবং সিএনটিআইসি’র প্রতিনিধি মি. জাং ঝিলং ব্লান্ডি চুক্তিতে স্বাক্ষর করেন।
বিএসইসি চেয়ারম্যান মো. শহীদুল হক ভূঁঞা বলেন, চীনের এ প্রতিষ্ঠানটি এ বছরের শুরুতে ৫ লাখ ডলারের ইস্টার্নের কেবলস নিয়েছিল। এবার তারা আরও ৪২ লাখ ডলারের চুক্তি করায় তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানান।
চীন-বাংলাদেশ গভীর বন্ধুত্বের সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের উন্নয়নসহযোগী চীন ভবিষ্যতে এ ধরনের রফতানিকে আরও বেশি প্রসারিত করবে।
বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নকে আরও তরান্বিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের অধীনে নয়টি শিল্প প্রতিষ্ঠান চলমান রয়েছে। প্রতিষ্ঠানগুলো স্বাধীনতার পর থেকে দেশের সেবায় পণ্য উৎপাদন ও বাজারজাত করছে। বিএসইসি’র পণ্য আন্তর্জাতিক মান সম্মত, বিশ্ব মানের। দেশে বাজার স্থিতিশীল রাখতে বিএসইসি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিএসইসি’র অধীন প্রতিষ্ঠানগলোকে লাভজনক ও রফতানিমুখী করার লক্ষ্যে কার্যক্রম চলমান রয়েছে।
ইতোমধ্যে পুরাতন মেশিনারিজ আধুনীকিকরণ (বিএমআরই) এবং চলমান প্রকল্পের কাজ যথা সময়ে শেষ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে বলেও জানান তিনি।
