হোম আন্তর্জাতিক চীনে ভয়াবহ ভূমিধসে ১৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক :

চীনের ফুজিয়ান ও ইউনান প্রদেশে ভয়াবহ ভূমিধসে অন্তত ১৫ জন মারা গেছেন। ভারি বৃষ্টির কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন অন্তত ১০ হাজার বাসিন্দা। ফসলি জমি নষ্ট হওয়ায় মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছেন স্থানীয়রা। ইতোমধ্যে প্রায় দুই হাজার বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।

ধসে পড়ছে মাটি, দেবে গেছে বাড়িঘর। বৈরী আবহাওয়া উপেক্ষা করেই চলছে উদ্ধারকাজ। এমনই দৃশ্য এখন চীনের ফুজিয়ান প্রদেশের। খবর বিবিসির।

শুক্রবার (২৭ মে) চীনের ফুজিয়ান ও ইউনান প্রদেশে প্রবল বৃষ্টিতে ভূমিধসে দুটি ভবন ধসে পড়ার ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানায়, এতে দুটি প্রদেশে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। নিখোঁজও রয়েছেন অনেকে। খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে পৌঁছান উদ্ধারকর্মীরা। তবে বৈরী আবহাওয়ায় উদ্ধার কাজে বেশ বেগ পেতে হয়।

ভয়াবহ এ ভূমিধসে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো বাসিন্দা। ভারি বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে ফসলি জমি। ইতোমধ্যে প্রায় কয়েক হাজার বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

গত বছর চীনে বিধ্বংসী বন্যায় অন্তত ৫৬০ জনের মৃত্যু হয়। ক্ষতিগ্রস্ত হন দেশটির বিভিন্ন অঞ্চলের পাঁচ কোটি ৯০ লাখের বেশি মানুষ।

২০২১ সালের নভেম্বরে এক সংবাদ সম্মেলনে চীনের জরুরি ব্যবস্থাপনা বিষয়ক উপমন্ত্রী ঝোও ঝুয়েন জানান, চীনে জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত বন্যায় পাঁচ কোটি ৮৯ লাখ মানুষ আক্রান্ত হয়েছেন। এ সময়ের মধ্যে ৫৯০ জন নিহত ও কিংবা নিখোঁজ হয়েছেন।

এ ছাড়াও ৩৫ লাখের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে হয়েছে। ঝোও ঝুয়েন বলেন, বন্যায় দুই লাখ তিন হাজার বাড়িঘর ধসে পড়েছে। এতে তিন হাজার ৭৬০ কোটি মার্কিন ডলারের সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন