জাতীয় ডেস্ক :
এক দিন পেছালো চীনা পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর। বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বাংলাদেশের সঙ্গে আলোচনা না করে চীনা পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের তারিখ দেয়ায় এ জটিলতার সৃষ্টি হয়।
গত সোমবার (২৫ জুলাই) কোনো আলোচনা ছাড়াই ৫ ও ৬ আগস্ট চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-র বাংলাদেশ সফরের দিনক্ষণ ঠিক করে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানান ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং। সে সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আশিয়ান আঞ্চলিক ফোরামের বৈঠকে কম্বোডিয়া থাকবেন। সে করাণে চীনা পররাষ্ট্রমন্ত্রীর সফর পেছানোর প্রস্তাব দেয় ঢাকা।
শুক্রবার (২৯ জুলাই) বিকেলে একটি হোটেলে সফররত উজবেকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী নিশ্চিত করেন, এক দিন পেছাচ্ছে চীনা পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর। কাটছাঁট হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর কম্বোডিয়া সফরও।
এর আগে সকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে দুদেশের আন্তঃসরকার পর্যায়ে বৈঠকে বসেন উজবেক উপপ্রধানমন্ত্রী ও বাংলাদেশের পক্ষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী জানান, বিনিয়োগ, তুলাভিত্তিক টেক্সটাইল গড়ে তোলা, বাংলাদেশে উজবেক অ্যাম্বাসি প্রতিষ্ঠায় জোর দেয়া হয়েছে। এ ছাড়া উদ্যোগ রয়েছে সরাসরি ফ্লাইট চালুর।
পরে উজবেকসহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, এ বছরের শেষের দিকে ডলারের সংকট কমে আসবে এবং বৈদেশিক ঋণ কম থাকায় বাংলাদেশ কোনো সংকটে পড়বে না।
বাংলাদেশের কাছ থেকে টেক্সটাইল খাতের প্রযুক্তি স্থানান্তর, দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ বিষয়ে সহায়তা চেয়েছে উজবেক সরকার।
