জাতীয় ডেস্ক :
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল বলেছেন, গণতন্ত্র, অসাম্প্রদায়িক বাংলাদেশ, সন্ত্রাসমুক্ত দেশ গড়ার লড়াই করতে গিয়ে ১/১১ এর সরকার শেখ হাসিনাকে গ্রেফতার করেছিল।
শনিবার (১৬ মে) দুপুরে নাটোর শহরের কান্দিভিটা এলাকায় শেখ হাসিনার কারা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
এ সময় এসএম কামাল বলেন, মিথ্যা-বানোয়াট, হয়রানি ও ষড়যন্ত্রমূলক মামলায় জননেত্রী শেখ হাসিনাকে ওয়ান ইলেভেনের তত্ত্বাবধায়ক সরকার ২০০৭ সালের ১৬ জুলাই গ্রেফতার করে। কারা অভ্যন্তরে তাকে হত্যার চেষ্টাও করা হয়েছিল। কিন্তু বঙ্গবন্ধু কন্যা কখনো মাথা নত করেননি।
তিনি কখনো ক্ষমতার জন্যে রাজনীতি করেন না, রাজনীতি করেন জনগণের জন্যে। সাংগঠনিক সম্পাদক বলেন- বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহস ও মেধাবী নেতৃত্বে পদ্মা সেতু নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে, নির্মিত হচ্ছে মেট্রোরেল, কর্ণফুলী টানেল, রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র।
তিনি আরও বলেন, বিএনপি হচ্ছে ষড়যন্ত্র, অপপ্রচার, জঙ্গিবাদ, খুনিদের দল। জনবিচ্ছিন্ন এই দল অপপ্রচার ও মিথ্যাচারে লিপ্ত। কিন্তু সকল ষড়যন্ত্র রুখে দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে যাবে।
জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম রমজানের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- নাটোর ও নওগাঁ সংরক্ষিত আসনের সংসদ সদস্য রত্না আহমেদ, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, জজ কোর্টের পিপি এডভোকেট সিরাজুল ইসলাম প্রমুখ।
