যশোর অফিস :
জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজ আব্বাস বলেছেন, বিদেশে চিকিৎসায় পাঠালে স্লো পয়জনিংয়ের অভিযোগ সত্য প্রমাণিত হবে বলে খালেদা জিয়াকে দেশের বাইরে যেতে দিতে চায় না সরকার। ফলে খালেদা জিয়ার কিছু হলে তার দায় সরকারকেই নিতে হবে।
আজ সকালে যশোর জেলা বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। খালেদা জিয়ার বিদেশে সুচিকিৎসার দাবিতে এ কর্মী সম্মেলনের আয়োজন করা হয়।
জেলা মহিলা দলের সভাপতি হাসিনা ইউসুফের সভাপতিত্বে সভায় তিনি আরো বলেন, এ সরকার জনগণ দ্বারা নির্বাচিত বলে। কোন জনগণ তাদের ভোট দিয়েছে। জনগণের কাতারে আসতে গেলে তাদের শতবছর অপেক্ষা করতে হবে।
তিনি বলেন, এ সরকারের হামলা, মামলায় আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। খালেদা জিয়ার সুচিকিৎসা ও দেশ রক্ষা করতে হলে এ সরকারের পতনের বিকল্প নেই। এজন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থাকার আহবান জানান তিনি।
সভায় জেলা বিএনপির আহবায়ক অধ্যাপিকা নার্গিস বেগম, মহিলা দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সহ-সভাপতি নেওয়াজ হালিমাসহ জেলা মহিলাদলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
