খেলাধূলা ডেস্ক :
দীর্ঘদিন ধরেই সেঞ্চুরি নেই কোহলির ব্যাটে, নেই ফর্মও। সেঞ্চুরি না পেলেও এশিয়া কাপে বুধবার (৩১ আগস্ট) হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে ফর্মে ফিরেছেন তিনি। তিন ফরম্যাট মিলিয়ে ৮ ইনিংস পর করেছেন হাফসেঞ্চুরি। কোহলির হাফসেঞ্চুরি আর সূর্যকুমার যাদবের ঝোড়ো ব্যাটে ২ উইকেট হারিয়ে ১৯২ রানের বড় সংগ্রহ পেয়েছে ভারত। জয়ের জন্য ১৯৩ রান করতে হবে হংকংকে।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে হংকংয়ের বিপক্ষে টস হেরে ব্যাট করার আমন্ত্রণ পায় ভারত। রোহিত শর্মা আর লোকেশ রাহুলের ৩৮ রানের উদ্বোধনী জুটির পর ক্রিজে আসেন কোহলি। রাহুলকে নিয়ে তিনি গড়েন ৫৬ রানের জুটি। এরপর ৩৬ রানে বিদায় নেন রাহুল। কোহলি বাকিটা পথ পাড়ি দেন সূর্যকুমারকে সঙ্গে নিয়ে। ৪০ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করার পর শেষ পর্যন্ত ৫৯ রানে অপরাজিত থাকেন কোহলি। তার ৪৪ বলের ইনিংসে ছিল একটি চার ও ৩টি ছয়ের মার।
এর আগে কোহলির সবশেষ হাফসেঞ্চুরিটি ছিল এ বছরের ফেব্রুয়ারিতে। সেটাও এই টি-টোয়েন্টি ফরম্যাটেই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪১ বলে ৫২ রান করে রোস্টন চেজের বলে আউট হয়েছিলেন তিনি।
কোহলি ১৩৪ স্ট্রাইকরেটের আশপাশে রান তুললেও সূর্যকুমার রীতিমতো হংকংয়ের বোলারদের ওপর তাণ্ডব চালান। ২৬ বলে ৬ চার ও ৬ ছয়ে ৬৮ রান করেন তিনি। হংকংয়ের হয়ে একটি করে উইকেট নেন আয়ুশ শুকলা ও মোহাম্মদ গাজানফার।
ভারত একাদশ
রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, রিশভ পন্ত, রবিন্দ্র জাদেজা, দিনেশ কার্তিক, ভুবনেশ্বর কুমার, আভেশ খান, যুজবেন্দ্র চাহাল, আর্শদীপ সিং।
হংকং একাদশ
নিজাকাত খান, ইয়াসিম মুরতাজা, বাবর হায়াত, কিঞ্চিং শাহ, আইজাজ খান, স্কট ম্যাককিনি, জিশান আলি, হারুন আরশাদ, এহসান খান, আয়ুশ শুকলা ও মোহাম্মদ গাজানফার।
