আন্তর্জাতিক ডেস্ক :
মালয়েশিয়ায় বাংলাদেশি ও বিদেশি ভ্রমণকারীদের মুখরোচক খাবারের চাহিদা মেটাতে রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিনতাংয়ে প্রবাসী বাংলাদেশিরা খুলে বসেছেন শতাধিক রেস্তোরাঁ। করোনা সংক্রমণ কমে আসায় পর্যটকদের আনাগোনা বেড়েছে কয়েক গুণ। দেশীয় খাবারের স্বাদ নিতে বাংলাদেশি মালিকানাধীন রেস্তোরাঁগুলোতে ভিড় করছেন বিভিন্ন দেশের পর্যটকরা। আর এতে রেস্তোরাঁ ব্যবসায় দারুণ সফলতা এসেছে বলে জানান বাংলাদেশি ব্যবসায়ীরা।
বুকিত বিনতাং। রাজধানী কুয়ালালামপুরের অতি পরিচিত পর্যটন এলাকার একটি। এখানে রয়েছে অসংখ্য দৃষ্টিনন্দন স্থাপত্য, নামকরা সব ব্র্যান্ডশপ, রেস্টুরেন্টসহ নানা ক্লাব। একইসঙ্গে এলাকাজুড়ে রয়েছে বাংলাদেশি মালিকানাধীন খাবারের দোকান। দিনের তুলনায় রাতের বুকিত বিনতাং অনেক বেশি মনকাড়া ও আলো ঝলমলে।
লাভজনক হওয়ায় প্রবাসী বাংলাদেশিরা বুকিত বিনতাংয়ে গড়ে তুলেছেন শতাধিক রেস্তোরাঁ। তাদের গড়ে তোলা এসব রেস্তোরাঁর খাবার সুনাম বাড়াচ্ছে দেশটিতে। উন্নতমানের দেশীয় সুস্বাদু খাবারের পাশাপাশি রয়েছে এশিয়ান খাবারের সুব্যবস্থাও।
এসব দোকানে বর্তমানে কাজ করছেন প্রায় ৩ হাজার বাংলাদেশি। তবে ভারত ও পাকিস্তানসহ বিভিন্ন দেশের নাগরিকরাও রয়েছেন। এই ব্যবসায় দারুণ সফলতা এসেছে বলে জানান প্রবাসী বাংলাদেশি রেস্টুরেন্ট ব্যবসায়ীরা।
রেস্টুরেন্ট মালিকরা বলছেন, দেশীয় খাবারের স্বাদ নিতে দূর-দূরান্ত থেকে সাপ্তাহিক ছুটিতে এখানে বহু প্রবাসী বাংলাদেশি ছুটে আসেন। এছাড়া সাপ্তাহিক ছুটির দিন সন্ধ্যায় এখানে বসে প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা।
নিয়মিত খাবারের পাশাপাশি পারিবারিক বিশেষ অনুষ্ঠান, গেট-টুগেদার, জন্মদিন, বিবাহবার্ষিকীসহ বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে এ রেস্টুরেন্টগুলোতে। প্রবাসী বাংলাদেশি রেস্টুরেন্ট ব্যবসায়ীরা মালয়েশিয়ায় এই ব্যবসাকে শুধু সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাননি, এনে দিয়েছেন জাতীয় পর্যায়ে জিডিপির আর্থিক শক্তির বিরাট একটি অংশ।
