মোহাম্মদ আরীফুল ইসলাম, কিশোরগঞ্জ :
কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আজাহারুল ইসলাম বাবুলের নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার উপজেলার বিন্নাটি ইউনিয়নের দনাইল গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ভাবে জানা যায়, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আনারস প্রতীকের শফিকুল ইসলামের পক্ষে পোস্টার ও অফিস স্থাপনের জন্য স্থানীয় বিএনপির মহিলা দলের নেত্রী রুমা আক্তারসহ বেশ কয়েকজন দনাইল গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশে যান। সেখানে এসব বিষয় নিয়ে স্থানীয় হোটেল মালিক বুলবুল মিয়ার সঙ্গে তাদের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়।
এক পর্যায়ে তারা আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আজাহারুল ইসলাম বাবুলের নির্বাচনী অফিসে হামলা চালায়। হামলাকারীরা অফিসের চেয়ার ভাঙচুর ও চেয়ারম্যান প্রার্থীর নৌকার পোস্টার ছিঁড়ে মাটিতে ফেলে দেয়।
এ সময় চেয়ারম্যান প্রার্থী আজাহারুল ইসলাম বাবুলের ছেলে রিয়াদসহ কয়েকজন এগিয়ে আসলে তাদেরকেও কিলঘুষি মেরে আহত করা হয় বলে জানা যায়। পরে এ খবর পেয়ে চেয়ারম্যান প্রার্থী বাবুলের লোকজন ঘটনাস্থলে আসলে হামলাকারীরা পালিয়ে যান।
হোটেল মালিক বুলবুল মিয়াবলেন, পূর্ব পরিকল্পিতভাবে হামলাকারীরা আমার কাছে আসে। কথা বলার এক পর্যায়ে তারা আমাকে মারধর করে। পরে তারা পাশে বাবুল চেয়ারম্যানের নৌকার অফিসে হামলা চালিয়ে চেয়ার ভাঙচুর ও পোস্টার ছিঁড়ে ফেলে।
এ প্রসঙ্গে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আনারস প্রতীকের শফিকুল ইসলাম বলেন, রুমা আক্তার আমার কর্মী এবং বাবুল চেয়ারম্যানের কাছে রুমার টাকা পাওনা নিয়ে সমস্যা রয়েছে। টাকার বিষয় নিয়ে দ্বন্দ্বের জের ধরে এরকম ঘটনা ঘটতে পারে। তবে তার লোকজন আওয়ামী লীগের নির্বাচনী অফিস ভাঙচুর করেনি।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও.সি) মোঃ আবুবকর সিদ্দিক জানান, অফিস ভাঙচুরের বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
