মোহাম্মদ আরীফুল ইসলাম, কিশোরগঞ্জ :
কিশোরগঞ্জের করিমগঞ্জে গৃহবধূকে ঘর থেকে তুলে নিয়ে গণধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কামাল উদ্দিন (৪২) নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার (২২ জুলাই) দিবাগত রাতে রাজধানীর গুলিস্তান এলাকায় র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হওয়া ধর্ষক কামাল উদ্দিন করিমগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের চরপাড়া মোড়লবাড়ির মঙ্গল মিয়ার ছেলে। সে মামলার এজাহারনামীয় ২নং আসামি।
সূত্র জানায়, গৃহবধূর স্বামী ঢাকায় থাকেন। গৃহবধূ তার ঘুমন্ত শিশু সন্তানকে নিয়ে গত ২৬ জুন রাতে নিজ ঘরে অবস্থান করছিলেন।
রাত ১১টার দিকে গৃহবধূকে ডেকে তুলে ধর্ষকদল। পরিচিত মনে করে দরজা খুলতেই জোরপূর্বক তাকে তুলে নিয়ে যায় ধর্ষকেরা।
পাশের একটি পাটক্ষেতে নিয়ে হাত ও মুখ বেঁধে পালাক্রমে ধর্ষণ শেষে মুমূর্ষু অবস্থায় সেখানে গৃহবধূকে ফেলে রেখে যায় ধর্ষকদল।
ভুক্তভোগীর গোঙ্গানির শব্দ পেয়ে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় গৃহবধূ নিজে বাদী হয়ে পরদিন ২৭ জুন করিমগঞ্জ থানায় চরপাড়া মোড়ল বাড়ির লাল মামুদের ছেলে শফিকুল ইসলাম (৪২) ও মঙ্গল মিয়ার ছেলে কামাল উদ্দিনের নাম ও অজ্ঞতা দুইজনকে আসামি করে মামলা (নং-২০) করেন। ঘটনার ২৬দিন পর র্যাবের অভিযানে ধর্ষক কামাল উদ্দিন গ্রেপ্তার হয়।
র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান জানান, মামলার পর থেকে গ্রেপ্তার এড়াতে কামাল উদ্দিন এলাকা থেকে পালিয়ে ঢাকায় চলে যায়। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ধর্ষণের কথা স্বীকার করে।
