কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :
কালীগঞ্জে পারিবারিক গোলযোগে স্বামী কর্তৃক স্ত্রীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। হত্যা না আত্মহত্যা এ নিয়ে এলাকায় ব্যাপক গুঞ্জন হচ্ছে। এক সন্তানের জননী গৃহবধূ রুবিনা খাতুন কে হত্যার অভিযোগে স্বামী, শ্বাশুড়ী ও ননদকে আসামি করে থানায় মামলা হয়েছে। ঘটনাটি ঘটেছে ১৫ সেপ্টেম্বর বুধবার দিবাগত রাতে কালীগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের ঘোজাডাঙ্গা গ্রামে। স্ত্রী হত্যার অভিযোগে স্বামী নাজিমউদ্দিনকে পুলিশ গ্রেফতার করেছে।
জানা গেছে, উপজেলার ঘোজাডাঙ্গা গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে নাজিম উদ্দিন (২২) এর সাথে একই উপজেলার তুলাকাঠি গ্রামের শহিদুল সরদার মেয়ে রুবিনা খাতুন (২০) এর সাথে অনুমান ২ বছর আগে ইসলামী শরীয়াত মোতাবেক বিবাহ হয়। এজাহার সূত্রে জানা যায় রুবিনা খাতুন কে তার স্বামী শাশুড়ী ও ননদ প্রায়ই সময় অমানুষিক নির্যাতন করতো।
ঘটনার দিন সন্ধ্যার দিকে স্ত্রী রুবিনা খাতুনের সাথে স্বামী নাজিম উদ্দিনের পারিবারিক সমস্যা নিয়ে ঝগড়া হয়। এ সময় নাজিমুদ্দিন স্ত্রীকে মারপিট করে ও গলা টিপে শ্বাস রোধ করে হত্যা করে। রাত সাড়ে ৯টার দিকে হত্যা করেছে বলে নিহত রুবিনার পিতা শহিদুল ইসলাম অভিযোগ করেন।
ঘটনার সংবাদ পেয়ে কালীগঞ্জ থানার এসআই মনিরুজ্জামান মনির সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে যায়। স্বামী নাজিমুদ্দিন কে আটক করে এবং ঘরের মধ্যে থাকা রুবিনার মৃতদেহ সুরতহাল রিপোর্ট তৈরি করে। লাশ উদ্ধার করে রাতে কালীগঞ্জ থানায় নিয়ে আসে। নিহত রুবিনার গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জান যায়। বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য লাশ সাতক্ষীরা মর্গে প্রেরণ করেছে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ সাতক্ষীরা মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে, নিহত রুবিনার ভাই হত্যার অভিযোগে স্বামী, শাশুড়ী ও ননদকে আসামি করে কালীগঞ্জ থানায় এজাহার দায়ের করেছে। থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।
