নড়াইল অফিস :
নড়াইলের কালিয়া উপজেলার চাচুড়ী ইউনিয়নে পরাজিত মেম্বর প্রার্থী কামরুল ফকির (৫০)কে কুপিয়ে মারাত্মক আহত করেছে দুবৃত্তরা। সোমবার রাত ৯টার দিকে সুমেরুখোলা গ্রামে মহানন্দ বিশ্বাসের চায়ের দোকানের সামনে ওই হামলার ঘটনা ঘটে। বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
আহত কামরুল ফকির কালিয়া উপজেলার চাচুড়ি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সুমেরুখোলা গ্রামের রসুল ফকিরের ছেলে। ৩য় দফা ইউপি নির্বাচনে ওই ওয়ার্ড থেকে মোরগ প্রতীক নিয়ে মেম্বর পদে নির্বাচন করে টিউবওয়েল প্রতীকের মনিরুল ইসলামের কাছে পরাজিত হন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আহত কামরুল ইউপি নির্বাচনে হেরে গিয়ে বিজয়ী প্রার্থী মনিরুল ইসলামের দুই সর্মাথককের সাথে গতকাল সোমবার দুপুরের দিকে কথাকাটাকাটি হয়। এঘটনার জের ধরে বিজয়ী মেম্বর মনিরুল ইসলামের সর্মাথকরা রাত ৯টার দিকে সুমেরুখোলা গ্রামে মহানন্দ বিশ্বাসের চায়ের দোকানের সামনে কামরুল ফকির কে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ী কুপিয়ে মারাত্মক আহত করে। স্থানীয়ারা তাকে উদ্ধার করে প্রথমে নড়াইল সদর হাসপাতালে পাঠান। পরে উন্নত চিকিৎসার জন্য ওই রাতেই তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
কালিয়া থানার পরিদর্শক (অপেরেশন) মো. আব্দুল গফুর বলেন, এঘটনায় এখনো পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। তবে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে। হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
