হোম আন্তর্জাতিক কার্বন নিঃসরণ বন্ধে অভিনব উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক :

সরকারি-বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে ছোট আকারের রিঅ্যাক্টর নির্মাণে হাত দিয়েছে ব্রিটেন। এরই মধ্যে রোলস রয়েসসহ তিন প্রতিষ্ঠানকে সঙ্গে নিয়ে ৫৪ কোটি ৬০ লাখ ডলারের তহবিলও গঠন করা হয়েছে।

কার্বন নিঃসরণ শূন্যের কোঠায় আনতেই এমন উদ্যোগ বলে জানানো হয়েছে। নতুন এই প্রকল্পে সৃষ্টি হবে ৪০ হাজার মানুষের কর্মসংস্থান। পরিবেশকে দূষণমুক্ত রাখতে উন্নত প্রযুক্তি ও নতুন নতুন উদ্ভাবন নিয়ে কয়েক দশক ধরেই বেশ জোরেশোরে কাজ চলছে পৃথিবীব্যাপী।

এবার সহজে ও কম খরচে এই কাতারে বিশ্ববাসীকে শামিল করতে উদ্যোগ নিয়েছে ব্রিটেন। প্রথমবারের মতো স্মল মডুলার নিউক্লিয়ার রিঅ্যাক্টর তৈরিতে কাজ শুরু করেছে দেশটি।

এরইমধ্যে ৫৪ কোটি ৬০ লাখ ডলারের তহবিলও গঠন করা হয়েছে। যেখানে ব্রিটেন দিয়েছে ২৮ কোটি ৩০ লাখ ডলার আর বাকি ২৬ কোটি ৩০ লাখ ডলার দিয়েছে রোলস রয়েসসহ তিনটি বেসরকারি প্রতিষ্ঠান।

যুক্তরাজ্যের ব্যবসা ও জ্বালানি বিষয়ক সেক্রেটারি কসি কাওয়ারটেং বলেন, দেখুন, এটা খুবই ভালো উদ্যোগ বলে আমরা মনে করছি। স্মল মডুলার রিঅ্যাক্টর অত্যাধুনিক প্রযুক্তির একটি সন্নিবেশ। এটি সফলভাবে সম্পন্ন করার ব্যাপারে যুক্তরাজ্য খুবই আত্মবিশ্বাসী। এটা তো বলাই যায়, এখানে ভালো বেতনে ৪০ হাজার মানুষের কর্মসংস্থান হবে।

এমনভাবে এসব স্মল রিঅ্যাক্টর বানানো হবে, যেন তা কম খরচে সহজেই বহন করা ও স্থাপন করা যায়। বলা হচ্ছে, একটি রিঅ্যাক্টর থেকে বিদ্যুৎ বা জ্বালানি সরবরাহ করা যাবে প্রায় ১০ লাখ বাড়িতে।

রোলস রয়েসের প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়ারেন ইস্ট বলেন, এটা এমন একটা প্রকল্প, যা আজ শুরু হলে আজকেই বাজারে প্রভাব ফেলতে সক্ষম। এখানে যেমন ভালো কর্মসংস্থান সৃষ্টি হবে, তেমনি কার্বণের দূষণমুক্ত বিদ্যুত সরবরাহ করা যাবে। বিশ্বব্যাপী তো প্রতিনিয়ত হাইড্রোজেন, সিনথেটিক ফুয়েলসহ দূষণমুক্ত জ্বালানির চাহিদা বাড়ছে।

আশা করা হচ্ছে, নতুন এই উদ্যোগ সফল হলে, স্মল রিঅ্যাক্টরের মাধ্যমে জ্বালানি সরবরাহ করতে ২০৩০ সাল লেগে যাবে। এদিকে, এ খাতে রোলস রয়েসের বিনিয়োগের খবর ছড়িয়ে পড়তেই প্রতিষ্ঠানটির শেয়ারের দাম বেড়ে গেছে ৪ শতাংশ।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন